কমছে কোচ, বাড়ছে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন সাত জোড়া শাটল ট্রেনে ছাত্রছাত্রী পরিবহন করছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রতি জোড়ায় মোট ১৭টি কোচ (বগি) ছিল। গত সপ্তাহ থেকে তা কমে হয়েছে ১৪টি। এতে শহর থেকে ক্যাম্পাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়েছে।রেলওয়ে পূর্বাঞ্চলের যান্ত্রিক কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের দুটি কোচের কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ ছাড়া আরও কয়েকটি কোচ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই শাটল ট্রেনে কোচের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফিউল আলম বলেন, শাটল ট্রেনের বগি কমানোর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো অবহিত নয়। যদি এ রকম কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে।এমনিতেই শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যোগাযোগের আর কোনো সহজ উপায় না থাকায় এবং ট্রেনের কোচ কমে যাওয়ায় প্রতিদিন শিক্ষার্থীরা নানা ভোগান্তির মধ্যে যাতায়াত করছেন। ঝুঁকি নিয়ে তাঁরা ট্রেনের ছাদে, ইঞ্জিনের ওপর চড়ে যাতায়াত করছেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতি জোড়া শাটল ট্রেনের ১৪টি কোচে শিক্ষার্থী পরিবহন হয়েছে। আগের দিন রোববার কোচের সংখ্যা ছিল মাত্র ১৩টি।যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এমনিতেই কোচ-সংকটের কারণে শাটল ট্রেনে জায়গা হয় না। তার ওপর কদিন ধরে কোচের সংখ্যা কমিয়ে দেওয়ায় ঝুঁকি নিয়ে ঠাসাঠাসি করে আমাদের যাতায়াত করতে হচ্ছে।’বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানহি খান তানহা ক্ষোভের সঙ্গে বলেন, ‘নগরে বাসা থাকায় আমাদের নিয়মিত শাটল ট্রেনেই যাতায়াত করতে হয়। কোচ-সংকটের কারণে নিয়মিত নানা কষ্টের মধ্য দিয়ে আমরা যাতায়াত করি। ঠাসাঠাসি করে ভ্রমণে মেয়েরা অভ্যস্ত নয়। বিশেষ করে মেয়েদের ভোগান্তি বেড়েছে।’