কমছে খেজুরগাছ, বাড়ছে রসের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় একসময় প্রচুর খেজুরগাছ থাকলেও দিন দিন তা কমে যাচ্ছে। ফলে খেজুরগাছের রস সংগ্রহকারী গাছি ও রসের লালি বিক্রেতারা অন্য পেশায় জড়িয়ে পড়ছেন। গাছ কমে যাওয়ায় সেখাবে আর রস পাওয়া যায় না এখন। শীতের এই মৌসুমে খেজুরের রস খেয়ে শৌখিন মানুষ চড়া দামে স্বাদ পূরণ করছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, একসময় এই উপজেলার তালোড়া, চামরুল, গুনাহার, গোবিন্দপুর ইত্যাদি ইউনিয়নে প্রচুর খেজুরগাছ ছিল। কিন্তু দিন দিন এসব এলাকা খেজুরগাছশূন্য হয়ে যাচ্ছে।

শীতে খেজুরগাছের রস সংগ্রহকারী দুবড়া গ্রামের আলীমুদ্দিন কাজী (৫২) বলেন, বাপের পথ ধরে তিনিও খেজুরগাছের রস সংগ্রহের কাজ করেন। বছরের নভেম্বর থেকে জানুয়ারি এ তিন মাসে রস সংগ্রহ আর রসের লালি এবং গুড় তৈরি করেন তিনি। খেজুরের ওই গুড় সারা বছরই বিক্রি করে এত দিন নিজের সংসার চালাতেন। তবে এখন এলাকায় খেজুরগাছ কমে গেছে। তাই তিনি এখন জীবিকা নির্বাহের জন্য পেশা বদলে স্থানীয় একটি কারখানায় কাজ নিয়েছেন।

জিয়ানগরের বিশা গ্রামের স্কুলশিক্ষক (বাংলা বিষয়) নজাবত আলী বলেন, ‘আগে গ্রামের রাস্তার ধারে আর পুকুরের পাড়ে খেজুরগাছের অভাব ছিল না। রসের জন্য সন্ধ্যায় গাছিরা গাছ ঝুরে তাতে বাঁশের ললি দিয়ে মাটির ঠিলা (কলস) বসিয়ে রস সংগ্রহ করত।’ তিনি আরও বলেন, ‘এবার মৌসুমের শুরুতেই খেজুরের দানা লালির দাম প্রতি কেজি ৯০ টাকা করে কিনতে হচ্ছে। গত বছরের তুলনায় কেজিপ্রতি ৩০ টাকা বেশি।’

দেবখণ্ড গ্রামের লোকমান আলী খেজুর রস সংগ্রহ করে দানা লালি এবং গুড় তৈরির কাজ করেন। তিনি বলেন, ‘আগে শীতের মৌসুমে দিনরাত কড়াইয়ের নিচে আগুন জ্বলতই। ভোরে পাড়ায় পাড়ায় ঘুরে রস সংগ্রহ করে কড়াই রস দিয়ে ভরে ফেলা হতো। এখন খেজুরগাছ কমে যাওয়ায় আগের মতো রসও পাওয়া যায় না। তাই পর্যাপ্ত খেজুরের গুড় ও লালিও তৈরি করতে পারি না। তারপরও বাপ-দাদার পেশা ছাড়তে পারিনি।’