কমছে জমির উর্বরতা, হুমকির মুখে পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন হাজার হাজার ইট ভারতের পশ্চিমবঙ্গে রপ্তানি হচ্ছে। পশ্চিমবঙ্গে দাম বেড়ে যাওয়ায় ইট রপ্তানিতে ঝুঁকছেন হিলিসহ আশপাশের এলাকার ভাটার মালিকেরা। ফলে জেলায় বৈধ-অবৈধ অনেক ইটভাটা গড়ে উঠেছে।বিশেষজ্ঞদের মতে, ভাটার কারণে কৃষিজমি কমছে ও আবাদি জমি উর্বরতা হারাচ্ছে। পরিবেশও হুমকির মুখে পড়ছে।সরেজমিনে দেখা যায়, হিলি স্থলবন্দরসহ এর আশপাশের ২৫ কিলোমিটার এলাকায় ৪০টির মতো ভাটা গড়ে উঠেছে। এসব ভাটায় জেলার বিভিন্ন এলাকার কৃষিজমির মাটি কেটে নিয়ে ইট তৈরি হচ্ছে। ফলে অনেক জমি পতিত থাকছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ইট তৈরির জন্য জমির মাটি কেটে নেওয়া হলে ওই জমিতে আর আগের মতো চাষাবাদ করা সম্ভব হয় না। চাষ করলেও ফসল আগের মতো ভালো হয় না।ভাটা ব্যবসায়ী বিশ্বনাথ গুপ্ত আগরওয়ালা জানান, একটি ইটভাটা স্থাপনে তিন থেকে চার একর জমি লাগে। ওই জমির মাটি কেটে ইট শুকানোর জন্য উঠান তৈরি করা হয়। আশপাশের জমির মাটি কিনে ট্রলিতে করে এনে ভাটায় ইট তৈরি করা হয়। ভাটার মালিক মাসুম আল আমিন জানান, এক মৌসুমে একটি ভাটায় প্রায় চার লাখ ২০ হাজার ঘনফুট মাটি ব্যবহার করা হয়। সে হিসাবে বছরে ১৫০টি ইটভাটায় ইট তৈরি করতে প্রায় নয় কোটি ঘনফুট মাটি কৃষিজমি থেকে কাটা হচ্ছে।দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সিকান্দার আলী জানান, ভাটার সংখ্যা বাড়ায় কৃষিজমি অবশ্যই কমছে। তবে এর কোনো পরিসংখ্যান কৃষি বিভাগের কাছে নেই।হিলি স্থলবন্দরের কাস্টমস কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১ জুলাই থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারতে ৯৯ লাখ ৩৯ হাজার ৭৩১টি ইট রপ্তানি হয়। বন্দরের সহকারী কমিশনার মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, ইট রপ্তানি করতে শুল্ক দিতে হয় না। ফলে আমদানি-রপ্তানিকারকদের মধ্যে ইট রপ্তানির আগ্রহ বাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কাস্টমসের একজন কর্মকর্তা বলেন, হিলিসহ অন্যান্য বন্দর দিয়ে যেভাবে ইট রপ্তানি হচ্ছে, তাতে এর ওপর করারোপ করা উচিত।পশ্চিমবঙ্গের ইট ব্যবসায়ী দীপক কুমার প্রথম আলোকে বলেন, ভারতে প্রতি হাজার ইট সাড়ে চার থেকে ছয় হাজার রুপিতে বিক্রি হয়। বাংলাদেশি টাকায় যার দাম পড়ে সাড়ে সাত হাজার থেকে নয় হাজার পর্যন্ত। একই মানের ইট বাংলাদেশে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকায় পাওয়া যায়। এ কারণে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে ইট আমদানি করেন।দিনাজপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজাউল ইসলাম বলেন, ইট রপ্তানির সুযোগে দিনাজপুরে গত দুই বছরে বৈধ ইটভাটার সংখ্যা ৯০ থেকে বেড়ে ১৫০টি হয়েছে। তবে বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, ফসল উৎপাদনের জন্য মাটির প্রয়োজনীয় উপাদান থাকে জমির উপরিভাগে (টপ সয়েল)। যা তৈরি হতে কয়েক শ থেকে কয়েক হাজার বছর সময় লাগে। ওই মাটি কেটে তৈরি হচ্ছে ইট। এতে জমি উর্বরতা শক্তি হারাচ্ছে। তিনি আরও বলেন, ভাটার কালো ধোঁয়ায় পরিবেশ ভীষণভাবে দূষিত হচ্ছে। ফলে পরিবেশ হুমকির মুখে পড়েছে।দিনাজপুরের বন কর্মকর্তা মো. আলী কবির বলেন, পরিবেশ আইন অনুযায়ী ৫০টি বাড়ি ও সমপরিমাণ গাছ থাকলে এর ২৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো ভাটার অনুমতি দেওয়ার বিধান নেই। কিন্তু লাইসেন্স প্রদানের ক্ষেত্রে অনেক সময় সেই আইন মানা হয় না।পরিবেশ অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের পরিচালক নাজমুল হক প্রথম আলোকে বলেন, পরিবেশ অধিদপ্তর সম্প্রতি দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে ১০টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়। এ ব্যাপারে ১৯টি মামলা করা হয়। দিনাজপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ জানান, অবৈধ ভাটা ধ্বংসে অভিযান চালানো হয়। কিন্তু ভাটার মালিকেরা প্রভাবশালী হওয়ায় অভিযান পুরোপুরি সফল হয় না।