কমছে পাটকল, বাড়ছে পাটকলে ব্যবহূত তেল বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সচল পাটকলের সংখ্যা ক্রমশ কমছে। কিন্তু বাড়ছে পাটকলে ব্যবহূত তেলের বিক্রি। জুট বিছিং অয়েল (জেবিও) নামের ওই তেল পাটকে নরম করার কাজে ব্যবহার করা হয়। এই তেলের কোনো রং কিংবা গন্ধ নেই। অপেক্ষাকৃত সস্তা। এই তেল লুব অয়েল বা অকটেনের মতো অপেক্ষাকৃত দামি তেলের সঙ্গে মিশিয়ে বাজারে বিক্রি হয় বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, ২০১০-১১ অর্থবছরে জেবিওর বিক্রির পরিমাণ ছিল ২৩ হাজার ২৪৫ টন। ২০১১-১২ অর্থবছরে তা বেড়ে ২৫ হাজার ৯৮৪ টনে উন্নীত হয়েছে। সূত্র জানায়, বিপিসি কোনো দেশ থেকে জেবিও আমদানি করে না। দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) পরিশোধনের পর উপজাত হিসেবে জেবিও উৎপাদিত হয়। বিভিন্ন পাটকলের নামে রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা পদ্মা, মেঘনা ও যমুনা থেকে ব্যবসায়ীরা এ তেল কিনে নিয়ে যান। তবে বিক্রি করা তেল শেষ পর্যন্ত পাটকলে যাচ্ছে কি না তা তদারকের কোনো ব্যবস্থা সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে নেই। বিপিসি সূত্র আরও জানায়, ১০ জুলাই পাটকলের তেল বিক্রিতে কড়াকড়ি আরোপ করতে একটি নীতিমালা তৈরি করেছে বিপিসি। ১৫টি শর্তসংবলিত এ নীতিমালায় বিপিসি, তেল বিপণনকারী তিন রাষ্ট্রীয় কোম্পানি ও বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন পৃথক তদারকির (মনিটরিং) জন্য আলাদা কমিটি গঠনের কথা বলা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, প্রকৃত গ্রাহক ও ব্যবহারকারী যাতে এই তেল কেনে সে জন্য তিনটি তেল বিপণন কোম্পানিই নিয়মিত তদারক করবে। বিভিন্ন বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়গুলোর সমন্বয়ে পর্যবেক্ষণ (বিজিলেন্স) দল গঠন করা হবে। যেসব জুটমিলের জন্য জেবিও কেনা হচ্ছে সেগুলো সচল আছে কি না তা যাচাই করে দেখার পাশাপাশি সেখানে তেলের চাহিতা কত তাও পরীক্ষা করে দেখতে হবে। বাংলাদেশ জুট মিলস করপোরেশনের তালিকার বাইরে কোনো পাটকলকে তেল দেওয়া হবে না। খোঁজ নিয়ে জানা যায়, জুট বিছিং অয়েলের দাম প্রতি লিটার ৬০ টাকা। অন্যান্য জ্বালানি তেলের চেয়ে এর দাম যেমন কম তেমনি এ তেলের কোনো গন্ধও নেই। ফলে লুব অয়েল কিংবা অকটেনের মতো তুলনামূলকভাবে বেশি দামের জ্বালানি তেলে এটি সীমিত পরিমাণে মিশিয়ে বাজারে বিক্রি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির একাধিক কর্মকর্তা বলেন, এ তেল কেনার জন্য সরকারি দলের লোকজন সব সময় পদ্মা, মেঘনা ও যমুনায় ভিড় করেন। তেল পাওয়া নিশ্চিত করতে তাঁরা সব সময় দলীয় সাংসদ কিংবা মন্ত্রীদের সুপারিশ নিয়ে আসেন। বিপিসির চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘জেবিওর অপব্যবহার হচ্ছে এমন খবর জানতে পেরেছি। তাই এ তেলের সঠিক ব্যবহারের লক্ষ্যে ইতিমধ্যে একটি নীতিমালা করা হয়েছে। রাষ্ট্রীয় তেল বিপণনকারী তিন প্রতিষ্ঠানের মাধ্যমে এই নীতিমালা কার্যকর হবে।’