কমছে পূজামণ্ডপ, কমছে আনন্দ
মেহেরপুরে গত তিন বছরে দুর্গাপূজার মণ্ডপ প্রায় অর্ধেকে নেমে এসেছে। ২০১১ সালে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলায় ৫৭টি মণ্ডপে পূজা হলেও এবার ৩০টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
মণ্ডপ কমে যাওয়ার কারণ হিসেবে সরকারি পৃষ্ঠপোষকতা কমে যাওয়া, দরিদ্রতা ও পেশা পরিবর্তনকে দায়ী করছেন স্থানীয় লোকজন। এসব কারণে হিন্দু সম্প্রদায়ের এই প্রধান ধর্মীয় উৎসবের আমেজ ও আনন্দে অনেকটাই ভাটা পড়েছে বলে মনে করছেন পূজা উদ্যাপন কমিটির নেতা ও স্থানীয় প্রশাসন।
গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভোমরদা গ্রামের প্রভাষ চন্দ্র দাস (৪৫) জানান, সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় গত দুই বছর গ্রামে মণ্ডপ হয়নি। আগে এই ইউনিয়নে চারটি বড় মণ্ডপে পূজা হতো। এখন ছোট আকারে একটি মণ্ডপে পূজা হয়।
উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ধীরেন দাস বলেন, পূজা এলেই বিভিন্ন স্থানে নীরব চাঁদাবাজি হয়। মাস্তান ও বখাটেদের উৎপাত বেড়ে যায়। এ কারণেও দিন দিন পূজার সর্বজনীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি গুরুদাস হালদার বলেন, আগে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাঁদের নিজেদের পেশা ও ব্যবসায়ী এলাকাকেন্দ্রিক পূজার আয়োজন করতেন। ব্যবসায় মন্দা ও চাঁদাবাজির কারণে বর্তমানে অনেকেই নিজেদের পূর্বপুরুষদের পেশা পরিবর্তন করেছেন। এ কারণেও মণ্ডপ কমে যাচ্ছে।
গুরুদাস আরও বলেন, মাছ চাষে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ও অত্যাচারে বড় অনেক বিল ও পুকুর মৎস্যজীবী হালদার সম্প্রদায়ের হাতছাড়া হয়েছে। এ কারণে গত ১০ বছরে প্রায় ৬০০ হালদার পেশা ছাড়তে বাধ্য হয়েছেন।
জেলা স্বর্ণকার শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক কাজল দত্ত বলেন, অন্য পেশার লোকজন স্বর্ণ ব্যবসায় ঢুকে পড়ায় পুরোনো ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে দিচ্ছেন। আগে শহরের বড়বাজার, শ্মশানঘাট ও মালোপাড়ায় একাধিক বড় মণ্ডপ হতো। এখন হয় না।
সরকারি পৃষ্ঠপোষকতার এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১০ ও ২০১১ সালে জেলায় ৫৭টি পূজামণ্ডপ হয়েছিল। ওই দুই বছর সরকার মণ্ডপপ্রতি তিন মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। এ কারণে পূজা আয়োজনের খরচ মেটানো সহজ ছিল। পরের দুই বছর সরকার মণ্ডপপ্রতি এক মেট্রিক টন করে চাল দেয়। ফলে ২০১২ সালে জেলায় ৪৭টি এবং ২০১৩ সালে ৩৭টি মণ্ডপ হয়। এবার সাহায্য কমিয়ে মণ্ডপপ্রতি আধা মেট্রিক টন (৫০০ কেজি) চাল দেওয়া হয়েছে।
জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ বোস বলেন, প্রতিবছর পূজার ব্যয় বাড়লেও সরকারি সাহায্য কমে যাচ্ছে। মণ্ডপপ্রতি এবার আধা মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। তা ছাড়া পূজায় ব্যবসায়ীদের চাঁদার হারও কমে গেছে। এ কারণে যতই দিন যাচ্ছে, পূজা আয়োজনের পরিসর ও আনন্দ কমে যাচ্ছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেন, জেলায় এবার ৩০টি মণ্ডপে প্রতিমা গড়া হয়েছে। প্রতিবছর মণ্ডপ কমে যাচ্ছে।
সরকার প্রতিবছর পূজায় অর্থ বরাদ্দ দেয়। এবারও মণ্ডপপ্রতি ৫০০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। সাহায্যের পরিমাণ কমছে কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সরকারি সিদ্ধান্তের বিষয়। তবে পূজা উৎসবকে নির্বিঘ্ন করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।