সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসন সংকট চরম আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র ৯০০ জন ছাত্রছাত্রী আবাসন-সুবিধা পাচ্ছেন। ছাত্রীহলের একটি সাধারণ কক্ষে (কমন রুম) ৬৪ জন শিক্ষার্থীকে জায়গা দেওয়া হয়েছে। এতে শিক্ষা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের চারটি হলে মাত্র ৭০০ জন ছাত্র এবং দুটি ছাত্রীহলে ২০০ জন ছাত্রীর আবাসন-সুবিধা রয়েছে। অন্য শিক্ষার্থীরা শহরের বিভিন্ন মেসে থেকে তাঁদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। আবাসন-সুবিধা না পাওয়া শিক্ষার্থীদের মধ্যে মাত্র ২ শতাংশ শহরের স্থানীয় বাসিন্দা। তাই অন্যদের বাধ্য হয়েই নিজ উদ্যোগে মেস ও হোস্টেলগুলোতে থাকতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, আবাসন-সুবিধার অভাবে ছাত্রীদের ভোগান্তি অনেক বেশি। মেসগুলোতে নিরাপত্তাহীনতার পাশাপাশি হলের তুলনায় বেশি টাকা খরচ করতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সুহাসিনী দাস ছাত্রীহলের শিক্ষার্থীরা জানান, হলটির বিভিন্ন কক্ষে প্রয়োজনের তুলনায় বেশিসংখ্যক ছাত্রী গাদাগাদি করে অবস্থান করছেন। শুধু একটি কমন রুমেই ৬৪ জন ছাত্রীর থাকার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে পড়াশোনার সঠিক পরিবেশ ও আবাসন-সুবিধা পাওয়া যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরিচালক জামাল উদ্দিন ভূইঞা প্রথম আলোকে বলেন, ‘একটি কক্ষে ৬৪ জন ছাত্রী থাকার ঘটনা বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে রয়েছে কি না, তা আমার জানা নেই। তবে ছাত্রীদের আবাসন নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের এ ছাড়া অন্য কোনো উপায়ও নেই। এরই মধ্যে শিক্ষার্থীদের হল নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সেসব হল নির্মিত হলে আবাসন-সংকট অনেকটাই কমে আসবে।’