কমনওয়েলথভুক্ত দেশের উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় বাড়াতে হবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্র তৈরি করতে হবে। একই সঙ্গে উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সরকারের পাশাপাশি সাংসদদের অংশ নিতে হবে।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ মিশনে এক অভ্যর্থনা অনুষ্ঠানে শিরীন শারমিন এ কথা বলেন। আজ শনিবার সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিপিএর চেয়ারপারসন বলেন, উন্নত-অনুন্নত, ধনী-দরিদ্র অনেক দেশই কমনওয়েলথের সদস্য। উন্নয়নের ক্ষেত্রে এসব দেশকে পারস্পরিক সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। তিনি জানান, এ বছর ‘যুব কমনওয়েলথ’ বিষয়বস্তুকে সামনে রেখে সিপিএ কাজ করে যাচ্ছে। এতে রাজনীতিতে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ সময় শিরীন শারমিন নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার উন্নয়ন, মাতৃ ও শিশু মৃত্যুহার কমানো, দুর্যোগ ব্যবস্থাপনা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের অভিজ্ঞতা ও অর্জনের প্রসঙ্গ তুলে ধরেন।
অনুষ্ঠানে কানাডা, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, উগান্ডা, মোজাম্বিক, নামিবিয়াসহ জাতিসংঘে নিযুক্ত কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এর আগে স্পিকার কমনওয়েলথ ও আফ্রিকান ইউনিয়ন আয়োজিত আফ্রিকার গণতন্ত্র ও উন্নয়নে নারী নেতৃত্বে শীর্ষক সংলাপ অনুষ্ঠানে অংশ নেন।