জাতিসংঘের বাংলাদেশ মিশনে স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্র তৈরি করতে হবে। একই সঙ্গে উন্নয়নপ্রক্রিয়ার সঙ্গে সরকারের পাশাপাশি সাংসদদের অংশ নিতে হবে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ মিশনে এক অভ্যর্থনা অনুষ্ঠানে শিরীন শারমিন এ কথা বলেন। সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিপিএ চেয়ারপারসন বলেন, উন্নত-অনুন্নত, ধনী-দরিদ্র অনেক দেশই কমনওয়েলথের সদস্য। উন্নয়নের ক্ষেত্রে এসব দেশকে পারস্পরিক সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। তিনি জানান, এ বছর ‘যুব কমনওয়েলথ’ বিষয়বস্তুকে সামনে রেখে সিপিএ কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে কানাডা, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, উগান্ডা, মোজাম্বিক, নামিবিয়াসহ জাতিসংঘে নিযুক্ত কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে স্পিকার কমনওয়েলথ ও আফ্রিকান ইউনিয়ন আয়োজিত আফ্রিকার গণতন্ত্র ও উন্নয়নে নারী নেতৃত্ব শীর্ষক সংলাপ অনুষ্ঠানে অংশ নেন।