কমনওয়েলথ দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংসদীয় সংস্কৃতির বিকাশের মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশগুলোতে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল বৃহস্পতিবার জন অস্টিন এমপির নেতৃত্বে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন অব ইউনাইটেড কিংডমের (সিপিএ) ১১ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।সিপিএর প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি কমনওয়েলথের মৌলিক নীতির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং কমনওয়েলথভুক্ত জাতিসমূহের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে সংস্থাটির গৃহীত সব উদ্যোগ ও কার্যক্রমের প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করেন। রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে গণতন্ত্র আরও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।রাষ্ট্রপতি বলেন, সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে চলতি সংসদের প্রথম অধিবেশনেই ৪৮টি সংসদীয় স্থায়ী কমিটির সবগুলো গঠন করা হয়েছে এবং কয়েকটি কমিটির চেয়ারম্যানের পদ বিরোধী দলকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সিপিএর প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের ফলে সাংসদদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশে সংসদীয় সংস্কৃতির বিকাশে একটি নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।