কমনওয়েলথ যুব পুরস্কার গ্রহণ করলেন নাজবিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ যুব পুরস্কার গ্রহণ করেছেন ময়মনসিংহের মেয়ে সওগাত নাজবিন খান। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের মধ্য থেকে মাত্র চারজনকে এ বছর দেওয়া হয়েছে কমনওয়েলথ যুব পুরস্কার। এ পুরস্কার গ্রহণের জন্য কমনওয়েলথের খরচে নাজবিনকে লন্ডনে যাওয়ার আমন্ত্রণ জানানো হলেও দিল্লির ব্রিটিশ ভিসা অফিসের কর্মকর্তারা দুই দফা তাঁর ভিসার আবেদন প্রত্যাখ্যান করেন। এতে পুরস্কার নিতে তাঁর লন্ডন যাওয়া বিষয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
গত শনিবার এ নিয়ে প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়। এরপর মঙ্গলবার সকালে ঢাকার ব্রিটিশ হাইকমিশন তাঁকে ডেকে ভিসা দেয়। বুধবার ভোরে নাজবিন লন্ডনের উদ্দেশে যাত্রা করেন। দরিদ্র মানুষের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পাওয়া অন্যরা হলেন ক্যামেরনের অ্যাসালেকে ক্রিস্টিন লেকে, পাপুয়া নিউগিনির ব্যাল ক্যামা ও জ্যামাইকার সময় হাজারি।