বাংলাদেশ চলতি বছরের নভেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের স্থান পুনর্নির্ধারণে বা পরিবর্তনের যেকোনো উদ্যোগের বিরোধিতা করবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার বহিঃসম্পর্কবিষয়ক মন্ত্রী জি এল পেইরিসকে বাংলাদেশের এ অবস্থানের কথা জানান। মন্ত্রী গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করেন। খবর বাসসের।বৈঠকে দারিদ্র্য বিমোচনের জন্য আঞ্চলিক সহযোগিতা, মানব পাচার বন্ধ, যোগাযোগসহ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়।শ্রীলঙ্কার মন্ত্রী নৌপরিবহন খাতে, বিশেষ করে দুই দেশের সমুদ্রবন্দরের মধ্যে ফিডার সার্ভিস আবার চালুর ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের এপ্রিলে দুই দেশের নেতাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকে গৃহীত বিষয়গুলো এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।এর আগে তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত এম ভাকুর এরকল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় প্রধানমন্ত্রী বিশেষ করে বাংলাদেশে বাণিজ্য জোরদার ও তুরস্কের বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়নে অবদানের জন্য রাষ্ট্রদূতের প্রশংসা করেন।এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ এম ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান উপস্থিত ছিলেন।