কমনওয়েলথভুক্ত স্থাপত্য ইনস্টিটিউটগুলোর সম্মেলন ফেব্রুয়ারিতে
ঢাকায় আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে কমনওয়েলথভুক্ত দেশের স্থপতিদের ২০তম সম্মেলন হতে যাচ্ছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস (সিএএ) ঢাকা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়।বাংলাদেশ প্রথমবারের মতো এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯ ফেব্রুয়ারি থেকে রূপসী বাংলা হোটেল এবং জাতীয় জাদুঘরে সিএএ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ৩৭টির বেশি দেশের স্থপতিরা অংশ নেবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হবে ‘স্থপতিদের দায় ও দায়িত্ব’। সিএএর চেয়ারম্যান এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, বিদেশিদের কাছে বাংলাদেশের ইতিহাস তুলে ধরতে ভাষা আন্দোলনের মাসে এ সম্মেলন করা হচ্ছে। ছয় দিনের এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারতসহ ৩৭টির বেশি দেশের খ্যাতিমান স্থপতিরা অংশ নেবেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শাকুর মজিদ, ইশতিয়াক জহির, ইকবাল হাবিব প্রমুখ বক্তব্য দেন।