কমনরুমে ছাত্রীকে উত্ত্যক্ত, বিচারের দাবিতে ক্লাস বর্জন
‘মেয়েটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। সবই ভেঙে গেল। মেয়েটাকে আর কলেজে পাঠাব না।’ নিজের মেয়েকে উত্ত্যক্ত করার কথা ব্যক্ত করতে গিয়ে অঝরে কাঁদতে কাঁদতে এভাবেই অভিব্যক্তি প্রকাশ করেন এক বাবা।যশোরের কেশবপুরের শেষ প্রান্তে অবস্থিত কপোতাক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজের ছাত্রী কমনরুমের মধ্যে ঢুকে গত শনিবার এক বখাটে যুবক এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ওই প্রতিষ্ঠানের এক শিক্ষককে উত্ত্যক্তকারী ও তাঁর বাবা পিটিয়ে আহত করেছে। বাবা ও ছেলেকে পুলিশ আটক করেও ছেড়ে দিয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে শিক্ষক ও ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করেছেন ।শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, উত্ত্যক্তকারী হচ্ছে ওই উপজেলার বরনডালি গ্রামের এস এম রবিউল আলমের ছেলে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আমান উল্লাহ কলেজের প্রথম বর্ষের ছাত্র রিপন হোসেন। রিপন গত শনিবার সকাল ১০টার দিকে কপোতাক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজের ছাত্রী কমনরুমে ঢুকে কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। একপর্যায়ে মেয়েরা ঘটনাটি অধ্যক্ষকে জানালে তিনি ছেলের বাবাকে ডেকে আনেন। সেখানে তাঁর বাবা ক্ষমা চান এবং তাঁর ছেলে আর এমনটি করবে না বলে আশ্বাস দেন। পরে রিপন আবার ক্লাসে ঢুকে ওই মেয়েটিকে কেন অধ্যক্ষকে জানানো হয়েছে বলে পুনরায় ভয়-ভীতি দেখাতে থাকে। এ ঘটনা দেখে শিক্ষক শহিদুল ইসলাম ছেলেটিকে একটি চড় মেরে অধ্যক্ষের কক্ষে নিয়ে আসার চেষ্টা করলে রিপন ও তাঁর বাবা ওই শিক্ষককে মারধর করেন। পরে তাঁদের অধ্যক্ষের কক্ষে এনে আটকিয়ে রাখা হয়। কলেজের শিক্ষার্থীরা এর প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে জানানো হলে পুলিশ বাবা ও ছেলেকে আটক করে কেশবপুর থানায় নিয়ে আসে।লাঞ্ছিত শিক্ষক শহিদুল ইসলাম অভিযোগ করেন, তিনি থানায় গিয়ে মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁর মামলা নেওয়া হবে না বলে জানিয়ে দিয়ে কলেজের সভাপতিকে মামলা করার কথা জানান। উল্লেখ্য, কলেজের সভাপতি আওয়ামী লীগের নেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান। কলেজের অধ্যক্ষ তহিদুল ইসলাম বলেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি আমাকে মামলা না করে এলাকায় বসে আপস-মীমাংসা করার জন্য বলেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার নাহিদ বলেন, কলেজে গোলযোগ হয়েছে শুনে পুলিশ পাঠিয়েছেন। তবে মামলা না করতে তিনি বলেননি। ছেলেটির বাবা আওয়ামী লীগের কর্মী বলে তিনি স্বীকার করেন। অধ্যক্ষকে মামলা করতে নিষেধ করার বিষয়টি তিনি অস্বীকার করেন।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল হোসেন বলেন, কেউ অভিযোগ করেনি। মামলা না করার জন্য কাউকে কিছু বলেননি বলে তিনি দাবি করেন। তিনি বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান এলাকার চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের বসিয়ে সাত দিনের মধ্যে আপস-মীমাংসা করে নেওয়ার প্রতিশ্রুতিতে ছেলে ও বাবাকে চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দিয়েছি।