কমপ্রেসারে গ্যাস ঢোকানোর সময় দগ্ধ ৬
কুমিল্লা নগরের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব রেসকোর্স এলাকার একটি রেস্তোরাঁর রেফ্রিজারেটরের কমপ্রেসারে গ্যাস ঢোকানোর সময় ছয় ব্যক্তি দগ্ধ হয়েছেন।
তাঁরা হলেন মিস্ত্রি মোস্তফা কামাল, রুবেল মিয়া, মো. সিয়াম, হোটেলের কর্মচারী বিল্লাল হোসেন, ইমরান মিয়া ও আরিফ হোসেন। গত শনিবার বেলা তিনটায় রেড রুফ ইন নামের ওই রেস্তোরাঁর রান্নাঘরে এ ঘটনা ঘটে।
রেস্তোরাঁর বৈদ্যুতিক কাজের মিস্ত্রি রুহুল আমিন বলেন, কমপ্রেসারে গ্যাস ঢোকানোর পাইপ ফেটে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মোস্তফা কামাল ছাড়া সবাই এখন ভালো আছেন।
রেস্তোরাঁর মহাব্যবস্থাপক মো. আরিফ তালুকদার বলেন, রেস্তোরাঁর একটি রেফ্রিজারেটর মেরামত করার জন্য কুমিল্লা সেনানিবাস এলাকার মিস্ত্রি রুবেল মিয়াকে ডাকা হয়। তিনি দুই সহযোগীকে নিয়ে শনিবার বিকেলে রেস্তোরাঁয় আসেন।
এরপর রেফ্রিজারেটরের কমপ্রেসারে গ্যাস ঢোকানোর সময় পাইপ ফেটে যায়। তখন আগুন ওই কক্ষে ছড়িয়ে পড়ে। ওই ছয় ব্যক্তি সামান্য দগ্ধ হন। দ্রুত রেস্তোরাঁর অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর মধ্যে মিস্ত্রি মোস্তফা কামাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। রুবেল মিয়া কুমিল্লা সেনানিবাস হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। অন্য চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।