কমপ্লেক্সের ভিত্তিফলকে এখনো নুরুলের নাম
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের কমপ্লেক্স ভবনের (সম্প্রসারিত ভবন) নির্মাণকাজ চলছে। কিন্তু ভিত্তিফলকে শোভা পাচ্ছে উপজেলা পরিষদ পোড়ানো মামলার প্রধান আসামি ও উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম মণ্ডলের নাম।
জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে ২০১৩ সালের ৩ মার্চ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের ১৭টি সরকারি দপ্তর পুড়িয়ে দেওয়া হয়।
সরেজমিনে উপজেলা কমপ্লেক্স চত্বরে দেখা যায়, ২০১৩ সালে পুড়িয়ে দেওয়া ভবনের পাশেই চারতলা বিশিষ্ট নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের কাজ চলছে। নির্মাণাধীন ভবনের সামনে ভিত্তিফলক। এর শ্বেতপাথরে বগুড়া-৪ আসনের সাংসদ এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এ কে এম রেজাউল করিম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিজিৎ রায়ের নাম খোদাই করা রয়েছে। ভিত্তিফলকের পাশে টানানো সাইনবোর্ডে প্রকল্পের তথ্যচিত্রে দেখা গেছে, উপজেলা পরিষদ কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ, বিদ্যুৎ ও পানি সরবরাহসহ সব মিলিয়ে ব্যয় হচ্ছে ৪ কোটি ৩০ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৭ জুন সাংসদ রেজাউল করিম নুরুল ইসলামকে সঙ্গে নিয়ে নির্মাণাধীন ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান অভিযোগ করেন, নুরুল ইসলামের সঙ্গে সাংসদ রেজাউল করিমের অনেক ভাব। সে জন্য ওই জামায়াত নেতাকে সঙ্গে নিয়েই নতুন কমপ্লেক্স ভবনের ভিত্তি স্থাপন করেছেন তিনি। উপজেলা কমপ্লেক্সের ফলকে সাংসদের নামের পাশে নাশকতা মামলার আসামির নাম রাখায় তাঁরা বিব্রত।
অবশ্য এ কে এম রেজাউল করিম দাবি করেন, চেয়ারম্যানের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে তৎকালীন ইউএনও এটি করেছেন। তিনি এলাকায় ফিরে ভিত্তিফলক থেকে আসামি জামায়াত নেতার নাম মুছে ফেলার উদ্যোগ নেবেন বলে জানান।
উপজেলা পরিষদের সাবেক সাবেক চেয়ারম্যান রেজাউল আশরাফ বলেন, ‘ওই সময় উপজেলা পরিষদের ১৭টি সরকারি দপ্তর পুড়িয়ে দেওয়া হয়েছিল। পুড়িয়ে দেওয়া হয়েছিল আমার ও ইউএনওর সরকারি গাড়ি। এ ছাড়া আমার বাসভবনে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছিল। এরপরও দলের কোন্দলের বলি হয়েছি আমি। আমাকে উপজেলা নির্বাচনে দলীয় সমর্থন দেওয়া হয়নি। এ সুযোগে উপজেলা কমপ্লেক্স পোড়ানো মামলার প্রধান আসামি ও জামায়াত নেতা নির্বাচনে জয়ী হন।’
পরিষদ পোড়ানো ও হামলার ঘটনায় নুরুল ইসলাম মণ্ডলকে প্রধান আসামি করে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে নন্দীগ্রাম থানায় চারটি মামলা করা হয়।
এদিকে উপজেলা কমপ্লেক্স পোড়ানো ছাড়াও নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগের সাতটি মামলার আসামি নুরুল ইসলাম বর্তমানে পুলিশের নথিতে পলাতক আছেন। কিন্তু তাঁর স্বাক্ষরেই মিলছে উপজেলা পরিষদের কর্মচারীদের বেতন-ভাতা।
এ বিষয়ে ২০১৪ সালের ৩ জুলাই প্রথম আলোয় ‘পলাতক চেয়ারম্যান নথিতে বহাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বলেন, খোঁজখবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।