
অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে বাকলিয়া সংযোগ সড়ক প্রকল্প। আগামী বছরের প্রথমদিকে দেড় কিলোমিটার দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের এ সড়কের নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা নিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
এ প্রকল্প বাস্তবায়ন হলে নগরের বাকলিয়ার প্রায় আড়াই লাখ বাসিন্দার কষ্ট লাঘব হবে। সহজ হবে দক্ষিণ চট্টগ্রাম ও মূল শহরের সঙ্গে যোগাযোগ। এ ছাড়া শহরের প্রধান সড়কে গাড়ির চাপ কমবে, যা যানজট কমাতে ভূমিকা রাখবে। এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তি ও নগর পরিকল্পনাবিদেরা।
৬ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২০৬ কোটি ৪৭ লাখ টাকার এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ‘সিরাজউদৌল্লা রোড থেকে শাহ আমানত সেতু সংযোগ সড়ক পর্যন্ত সড়ক নির্মাণ’ নামের এ প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৯–এর জুন পর্যন্ত। ২০১৩-১৪ অর্থবছরে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় সিডিএ।
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, বাকলিয়া দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। এখানে উন্নয়নের তেমন ছোঁয়াও লাগেনি। সংযোগ সড়ক নির্মিত হলে বাকলিয়ার চেহারা পাল্টে যাবে। এতে বাকলিয়া ও দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানের মানুষ এ সড়ক ব্যবহার করে অল্প সময়ের মধ্যে মূল শহরে চলে আসতে পারবে। এখন জরুরি প্রয়োজনে অনেক এলাকা ও প্রায় আট কিলোমিটার সড়ক ঘুরে মূল শহরে আসতে হয়। এ সড়ক নির্মিত হলে এখানকার দূরত্ব পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার কমে যাবে। সিডিএ চেয়ারম্যান জানান, দ্রুত সময়ের মধ্যে সড়ক নির্মাণের কাজ শুরু হবে। ইতিমধ্যে জরিপ কাজের প্রক্রিয়া চলছে।
সিডিএর প্রকৌশল বিভাগ সূত্র জানায়, নগরের সিরাজউদৌল্লা সড়কের চন্দনপুরার ফায়ার সার্ভিস স্টেশনের পাশ থেকে শুরু হয়ে ডিসি সড়ক, বগার বিল, মৌসুমি আবাসিক এলাকা, সৈয়দ শাহ সড়ক হয়ে বাকলিয়া থানার পাশে গিয়ে শেষ হবে এ সড়ক। সেখানেই শাহ আমানত সেতু সংযোগ সড়কের সঙ্গে যুক্ত হবে চার লেনের সড়কটি।
সিটি করপোরেশনের পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়ক। এ সড়ক হলে বাকলিয়ার মানুষ কম সময়ের মধ্যে দক্ষিণ চট্টগ্রাম ও মূল শহরে যেতে পারবে।’ তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে। কেননা এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনের এলাকায় আসতে সমস্যা হয়। রাস্তা হলে নিয়মিত টহল দিতে পারবেন।
বাকলিয়ার বাসিন্দারা জানান, পূর্ব, পশ্চিম ও দক্ষিণ বাকলিয়ার বাসিন্দাদের আন্দরকিল্লা, নিউমার্কেট কিংবা আগ্রাবাদ আসতে হলে ডিসি সড়ক, কে বি আমান আলী সড়ক ও সৈয়দ শাহ সড়কের যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হয়। সরু এসব সড়কে হাঁটাও দায় হয়ে পড়ে। ফলে আধা ঘণ্টার পথ পেরোতে প্রায়ই দুই থেকে আড়াই ঘণ্টা লেগে যায়। একইভাবে বহদ্দারহাট আসতেও ভোগান্তির শেষ নেই।
একনেকে অনুমোদন পাওয়ার পরপরই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে সিডিএ। ইতিমধ্যে প্রকল্পের জন্য পরামর্শক নিয়োগ দিতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন প্রথম আলোকে বলেন, প্রকল্পের জন্য পরামর্শক নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী বছরের শুরুতে সড়কের নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য আছে।
প্রকল্প পরিচালক জানান, প্রকল্পের মোট ব্যয়ের অধিকাংশ ব্যয় হবে জমি অধিগ্রহণে। এ সড়ক তৈরির জন্য প্রায় সাড়ে সাত একর জমি অধিগ্রহণ করা হবে। জমি অধিগ্রহণ ও ভবনের ক্ষতিপূরণ খাতে প্রায় ১৬০ কোটি টাকা ব্যয় হবে। তিনি বলেন, ১৯৯৫ সালে প্রণয়ন করা মহাপরিকল্পনায় এ সড়কের কথা উল্লেখ ছিল। তাই সেখানে কাউকে নতুন ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়নি। ফলে প্রকল্প বাস্তবায়নে বাড়তি সময় লাগবে না।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বাকলিয়ার পাশাপাশি মূল শহরের লোকজনও সুফল ভোগ করবে বলে জানান বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউটের চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি ও নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ। তিনি প্রথম আলোকে বলেন, এ সড়ক নির্মিত হলে নগরের প্রধান সড়কে গাড়ির চাপ কমবে। এ ছাড়া সড়কের দুই পাশের এলাকা পরবর্তী স্তরের উন্নয়নের জন্য উন্মুক্ত হয়ে যাবে। তখন সেখানে দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠবে। এতে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।