কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকডাকা ভোরে জেগে ওঠে গোটা বাকড়ী এলাকা। প্রচণ্ড কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা করে তেভাগা আন্দোলনের অন্যতম পুরোধা কমরেড অমল সেনের সমাধির সামনে তাঁর অনুসারী ও ভক্তরা লাল পতাকা হাতে সমবেত হতে থাকেন। মুহূর্তের মধ্যে ফুলে ফুলে ছেয়ে যায় সমাধি। সারা দিনই সেখানে ভক্ত-অনুরাগীদের ভিড় ছিল।
গতকাল রোববার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইল-যশোরের সীমান্তবর্তী বাকড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বরেণ্য নেতা অমল সেনের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। অমল সেন স্মৃতিরক্ষা পরিষদ এ উপলক্ষে গতকাল থেকে দুই দিনব্যাপী মেলার আয়োজন করে। এ ছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, গণসংগীত, গণনাটক, গণসংগ্রামভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
বেলা তিনটায় সরলা সিংহ মঞ্চে ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান, সাতক্ষীরা-১ আসনের সাংসদ মোস্তফা লুৎফুল্লাহ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, আনিচুর রহমান মল্লিক, হাফিজুর রহমান ভূঁইয়া, সিপিবির প্রেসিডিয়াম সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, গণতন্ত্রী পার্টির শহীদুল্লাহ, ন্যাপের এনামুল হক, জাসদের রবিউল ইসলাম, কমিউনিস্ট পার্টির অসিত বরণ রায় ও ওয়ার্কার্স পার্টির নড়াইল জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
ফজলে হোসেন বাদশা বলেন, বিপ্লবীর মৃত্যু নেই। জীবিত অমল সেনের চেয়ে মৃত অমল সেন অনেক শক্তিশালী। তাঁর নীতি-আদর্শই এ কথা একদিন প্রমাণ করে দেবে।