কমরেড নলিনী দাসের আদর্শ ছিল ত্যাগের। এ ত্যাগের সঙ্গে ছিল বিনয় আর কর্ম-উদ্দীপনা। সেই আদর্শে যুবসমাজকে অনুপ্রাণিত হয়ে তাঁর বাকি কাজ শেষ করা দরকার। দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল শুক্রবার ভোলায় নলিনী দাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা কমরেড নলিনী দাসের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এ কথা বলেন।অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের নেতাদের এক মঞ্চে দেখে মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, এটা খুব আনন্দের কথা যে আমরা দলমত-নির্বিশেষে একত্র হয়েছি একজন মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে। এটা ইতিবাচক। এর আগে তিনি কমরেড নলিনী দাসের আবক্ষ ভাস্কর্য উন্মোচন করেন।অনুষ্ঠানে ভোলা-২ আসনের সাংসদ তোফায়েল আহমেদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন, ঢাকা কলেজের অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমেদ, কবি নাসির আহমেদ, সাংবাদিক আবু তাহের, অধ্যক্ষ আফসার উদ্দিন, জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল, অসীম সাহা প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমরেড নলিনী দাস জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি ফজলুল কাদের।