কমরেড ফরহাদ ছিলেন আমৃত্যু গণতন্ত্রকামী ও মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে নিবেদিত একজন আকণ্ঠ বিপ্লবী। প্রয়াত এই নেতার ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আলোচকেরা এই বলে কমরেড ফরহাদকে স্মরণ করেন।রাজধানীর মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট আয়োজিত গতকাল বৃহস্পতিবার বিকেলের এই স্মরণসভা ছিল অন্যবারের চেয়ে কিছুটা ভিন্ন। ট্রাস্টের মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় কমরেড ফরহাদের হাতের লেখা কিছু দুর্লভ চিঠি, আলোকচিত্র ও ডায়েরির কিছু মূল্যবান লেখা স্লাইড শোর মাধ্যমে প্রদর্শন করা হয়। ১৯৮৭ সালের ৯ অক্টোবর মৃত্যুর কিছুদিন আগে রাশিয়ার মস্কো থেকে লেখা একটি চিঠিতে ছেলে ও মেয়েকে কমরেড ফরহাদ লিখেছিলেন, ‘আমি আসছি।’ কিন্তু শেষ পর্যন্ত তিনি ফিরে এসেছিলেন ভুবন কাঁদিয়ে।অনুষ্ঠানে কমরেড ফরহাদ ১৯৮৭ সালে তৃতীয় সংসদের বাজেট অধিবেশনে যে বক্তব্য দেন, তার ধারণ করা অডিও শোনানো হয়। বক্তব্যে তিনি ওই বাজেটকে গণবিরোধী ও মানুষ মারার বাজেট বলে আখ্যায়িত করেছিলেন।ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কমরেড ফরহাদ ছিলেন অন্যদের চেয়ে ব্যতিক্রম। তাঁর জীবন ছিল গণতন্ত্রকামী, অসাম্প্রদায়িক ও মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে উৎসর্গ করা। দীর্ঘ সময় আত্মগোপনে থেকেও তিনি সংগঠনকে সঠিকভাবে নেতৃত্ব দিয়েছিলেন।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘দেশ গড়ার কারিগর না থাকলে আমরা সাধারণ নেতা-কর্মীরা কিছুই করতে পারব না। কিন্তু কমরেড ফরহাদ ছিলেন আক্ষরিক অর্থে দেশ গড়ার কারিগর।’বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেন, কমরেড ফরহাদ ছিলেন আমৃত্যু বিপ্লবী। বিপ্লবী আন্দোলনের মধ্য দিয়েই তিনি আদর্শের প্রতি অবিচল ছিলেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই এ দেশের কমিউনিস্ট আন্দোলনকে এগিয়ে নিতে হবে।মাহবুব জামানের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য, ন্যাপের আমেনা আহমেদ ও মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সম্পাদক শেখর দত্ত।