কমরেড মোহাম্মদ ফরহাদ তাঁর আদর্শ ও সংগ্রামের মধ্যে বেঁচে আছেন। আমরা তাঁর আদর্শ ও সংগ্রামকে সফল করার মধ্য দিয়ে তাঁকে চিরঞ্জীব করে রাখতে পারি। তিনি ছিলেন সাম্যবাদে বিশ্বাসী। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বিশ্ব মানবতার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন তিনি।সাবেক সাংসদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ ফরহাদের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। পঞ্চগড়ের বোদা উপজেলার বানিয়াপাড়ায় কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল চত্বরে গতকাল রোববার বিকেলে ‘এক জননেতার গল্প’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলার বানিয়াপাড়ায় কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ, দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। সকালে রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল কবীর স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেনিন, কমরেড ফরহাদের স্ত্রী রাশেদা খানম, সাংবাদিক বিভুরঞ্জন সরকার, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।পরে অতিথিরা হাসপাতাল চত্বর ও স্থানীয় একটি স্কুলে গাছের চারা লাগান। দিনব্যাপী স্বাস্থ্যক্যাম্পে পাঁচ শতাধিক রোগী চিকিৎসাসেবা নেয়। ক্যাম্পে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা দেন। এ ছাড়া কমরেড ফরহাদের জীবন ও সংগ্রামের ওপর একটি দেয়ালিকা প্রদর্শন করা হয়।