কমরেড ফরহাদের মৃত্যুবার্ষিকী আজ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং পঞ্চগড়-২ আসনের সাংসদ কমরেড মোহামঞ্চদ ফরহাদের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ৯ অক্টোবর। এ উপলক্ষে তাঁর নামে প্রতিষ্ঠিত কমিউনিটি হাসপাতাল ও মৃত্যুবার্ষিকী উদ্যাপন পরিষদ তাঁর জন্মস্থান বোদা উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বলরামহাট এলাকায় অবস্থিত কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতালে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন; বাদ জোহর স্থানীয় বলরামহাট মসজিদে মিলাদ মাহফিল এবং বোদা উপজেলা সদরের ধানহাটি মাঠে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আয়োজনে স্মরণসভা। সভায় সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আলতাফ হুসাইন প্রধান অতিথি এবং জেলা কমিটির সভাপতি মো. রেজাউল ইসলাম বিশেষ অতিথি থাকবেন।
ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক পরিচালক অধ্যাপক আবদুর রব ১ অক্টোবর ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন। তিনি এর আগে একই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তাঁর বিভিন্ন গবেষণা আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি।