কমরেড ফরহাদের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ ফরহাদ
মোহাম্মদ ফরহাদ

মুক্তিযুদ্ধ ও দেশের সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম স্থপতি কমরেড মোহাম্মদ ফরহাদের আজ ২৮তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এই সাবেক সাধারণ সম্পাদক ১৯৮৭ সালের ৯ অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ও বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোতে মৃত্যুবরণ করেন।
কমরেড ফরহাদ ১৯৩৮ সালের ৫ জুলাই পঞ্চগড়ের বোদা উপজেলায় জন্মগ্রহণ করেন। মেধাবী মোহাম্মদ ফরহাদ ভাষা আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণ-অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ ও আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রথম সারির নেতার ভূমিকা পালন করেন। ৩৫ বছরের রাজনৈতিক জীবনে তিনি বহুবার জেল, জুলুম ও নির্যাতন ভোগ করেন।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে যথাযথ মর্যাদায় কমরেড ফরহাদের মৃত্যুবার্ষিকী পালনের জন্য পার্টির সব জেলা নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সিপিবি ও তার অঙ্গসংগঠনের নেতারা এ উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি পালন করবেন। নেতা-কর্মীরা আজ শুক্রবার সকাল আটটায় বনানী কবরস্থানে কমরেড ফরহাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। বিকেল চারটায় রাজধানীর মণি সিংহ সড়কের মুক্তি ভবনে প্রগতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অন্যদিকে কমরেড ফরহাদের জন্মস্থান পঞ্চগড়ের বোদায় বেলা তিনটায় সিপিবি এক জনসভার আয়োজন করেছে।