কমরেড ফরহাদের মৃত্যুবার্ষিকী কাল
সাবেক সাংসদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ ফরহাদের ২৩তম মৃত্যুবার্ষিকী কাল ৯ অক্টোবর। মাত্র ৪৯ বছরের সংক্ষিপ্ত জীবনে জননেতা মোহাম্মদ ফরহাদ বাংলাদেশের গণতান্ত্রিক ও কমিউনিস্ট আন্দোলনে অসামান্য অবদান রেখে গেছেন।বাষট্টির ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে তাঁর ভূমিকা ছিল অনন্য। মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর প্রধান সংগঠক ছিলেন তিনি। ১৯৭৩ সাল থেকে ১৯৮৭ সালে প্রয়াণের আগ পর্যন্ত তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কোতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এবারও মৃত্যুবার্ষিকীতে কমরেড ফরহাদের জন্মস্থান পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বলরামহাটে ‘কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল’ প্রাঙ্গণে দিনভর নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল সাতটায় বৃক্ষরোপণ কর্মসূচি, সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত স্বাস্থ্যসেবা, বাদ জোহর স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং বিকেল চারটায় হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা হবে। এসব কর্মসূচিতে সিপিবি ও মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের নেতারা, পরিবারের সদস্যসহ স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের পক্ষ থেকে কাল সকাল আটটায় বনানী কবরস্থানে কমরেড ফরহাদের অন্তিম শয়ানে এবং সকাল ১০টায় পুরানা পল্টনে ট্রাস্ট অফিসের সামনে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে।