কমরেড ফরহাদের ২৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-২ আসনের সাবেক সাংসদ কমরেড মোহাম্মদ ফরহাদের ২৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ৯ অক্টোবর, রোববার। মাত্র ৪৯ বছরের সংক্ষিপ্ত জীবনে জননেতা মোহাম্মদ ফরহাদ বাংলাদেশের গণতান্ত্রিক ও কমিউনিস্ট আন্দোলনে অসামান্য অবদান রাখেন।১৯৬২ সালের শিক্ষা আন্দোলন ও ঊনসত্তুরের গণ-অভ্যুত্থানে তাঁর ভূমিকা ছিল অনন্য। মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর প্রধান সংগঠক ছিলেন তিনি। ১৯৭৩ থেকে ১৯৮৭ সালে প্রয়াণ পর্যন্ত তিনি সিপিবির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাজধানী মস্কোয় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।স্বাধীন দেশে সামরিক স্বৈরশাসনবিরোধী আন্দোলন বিশেষ করে, এরশাদের শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে তাঁর দেওয়া সৃজনশীল নেতৃত্ব তাঁকে জাতীয় রাজনীতিতে ভিন্ন উচ্চতায় নিয়ে যায়।মৃত্যুবার্ষিকীতে কমরেড ফরহাদের জন্মস্থান পঞ্চগড় জেলার বোদা উপজেলার বলরামহাটের বানিয়াপাড়ায় ‘কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল’ প্রাঙ্গণে দিনভর নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সকাল সাড়ে আটটায় বৃক্ষরোপণ, সকাল ১০টা থেকে স্বাস্থ্য ক্যাম্প, বাদ জোহর বলরামহাট মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং বিকেল সাড়ে তিনটায় হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা।এবার এ নেতার মৃত্যুবার্ষিকীর এসব আয়োজনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ-উল আলম লেনিন ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল কবির বিশেষ অতিথি থাকবেন।