কমরেড মণি সিংহের ১১৬তম জন্মবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের ১১৬তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো, মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কমরেড মণি সিংহ মেলা উদ্‌যাপন কমিটি এসব কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস। ওই কমিটি ৩১ ডিসেম্বর মণি সিংহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী মণি মেলার আয়োজন করে আসছে।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পৌর শহরের কলেজ রোড এলাকায় নৃতাত্ত্বিক আদিবাসী অডিটরিয়ামের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন কমিটির আহ্বায়ক ও ব্রিটিশবিরোধী আন্দোলনের আরেক নেতা দুর্গা প্রসাদ তেওয়ারী।

পরে আলোচনা সভায় বক্তব্য দেন মণি সিংহের ছেলে সিপিবির নির্বাহী কমিটির সদস্য দিবালোক সিংহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ হক প্রমুখ।