কমরেড মণি সিংহের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রিটিশবিরোধী আন্দোলন ও বাঙালির স্বাধিকার আন্দোলনের নেতা কমরেড মণি সিংহের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শ্রদ্ধা জানিয়ে এক বাণীতে বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কমরেড মণি সিংহের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল গভীর সৌহার্দ্যপূর্ণ। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’
আজ রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রয়াত নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মণি সিংহের ঘনিষ্ঠ সহযোদ্ধা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খান। তিনি বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে মণি সিংহকে বহু নির্যাতন সহ্য করতে হয়েছে। তাঁর মতো নেতাদের আত্মত্যাগের ফলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।’
মনজুরুল আহসান আরও বলেন, ‘দেশের কমিউনিস্ট আন্দোলনে মণি সিংহ ছিলেন এক প্রবাদ পুরুষ। শ্রেণীচ্যুত হয়ে কীভাবে সর্বহারার রাজনীতি বেগবান করতে হয়, মণি সিংহ তা আমাদেরকে দেখিয়ে গেছেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায় বলেন, রাজনৈতিক দূরদর্শিতা ও ত্যাগই ছিল কমরেড মণি সিংহের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ দিক।
মণি সিংহের বর্ণাঢ্য সংগ্রামী রাজনৈতিক নানা বিষয়ে স্মৃতিচারণ করে বক্তারা বলেন, জাতির এই সংকটময় মুহূর্তে মণি সিংহের মতো আদর্শবাদী, বিপ্লবী ও ত্যাগী নেতার বড় প্রয়োজন ছিল। তিনি ছিলেন আদর্শবাদী রাজনীতির এক অসামান্য প্রতীক।
সভায় স্বাগত বক্তব্য দেন কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক এম এম আকাশ। শ্রমিকনেতা আসলাম খানের পরিচালনায় সভায় বক্তব্য দেন নারীনেত্রী ফওজিয়া মোসলেম, বাংলাদেশ মহিলা সমিতির সভাপতি আয়েশা খানম, গবেষক এ বি এম আবদুল্লাহ, ‘সংবাদ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, আবৃত্তিশিল্পী হাসান আরিফ, মণি সিংহের পুত্রবধূ সাকী খন্দকার প্রমুখ।
ভোর সাতটায় শ্যামপুর শ্মশানে মণি সিংহের স্মৃতিফলকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সিপিবি।
এ ছাড়া মণি সিংহের মৃত্যুবার্ষিকী স্মরণে নেত্রকোনার সুসং দুর্গাপুরে ২৬ ডিসেম্বর থেকে সাত দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা চলছে। আজ মেলার শেষ দিনে থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।