কমরেড রতন সেন হত্যা মামলার পুনঃ তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমরেড রতন সেন হত্যা মামলার পুনঃ তদন্ত ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রতন সেনের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রতন সেন ১৯৯২ সালে একাত্তরের ঘাতক-দালালবিরোধী আন্দোলন ও দক্ষিণাঞ্চলের লবণপানির ঘেরবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। এ আন্দোলন যখন জোরদার হচ্ছিল, তখন ১৯৯২ সালের ৩১ জুলাই খুলনার জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে তাঁকে হত্যা করা হয়। পরবর্তী সময়ে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি সরকার হত্যাকারীদের চিহ্নিত না করে মামলাটি খারিজ করে দেয়। এর আগে ফ্রিডম পার্টির মুখপত্র দৈনিক মিল্লাত-এ ৩০ জনের নামের একটি তালিকা ছেপে বলা হয়েছিল, ‘এরা ভারতের দালাল। ৩০ জুলাইয়ের মধ্যে সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরাই ব্যবস্থা নেব।’ ওই ৩০ জনের তালিকায় রতন সেনও ছিলেন। গতকালের মানববন্ধন অনুষ্ঠানে নেতারা বলেন, ওই সময়ের পুলিশের তদন্ত প্রতিবেদন খুঁজে বের করা হলে রতন সেনের প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করা সম্ভব হবে।