কমরেড হেনা দাসের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ব্রিটিশবিরোধী সংগ্রাম, মুক্তিযুদ্ধ, নারীমুক্তি ও কমিউনিস্ট আন্দোলনের নেত্রী কমরেড হেনা দাসের সপ্তম মৃত্যুবার্ষিকী।
রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে গতকাল বুধবার কমরেড হেনা দাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিপিবির কেন্দ্রীয় নেতারা। এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, কাজী সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, চন্দন সিদ্ধান্ত, মাকসুদা আখতার, নুরুল ইসলাম গাজী, নারী নেত্রী লুনা নূর প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত অবিচল ছিলেন কমরেড হেনা দাস।
এর আগে নারায়ণগঞ্জের মহাশ্মশানে গতকাল সকাল নয়টায় কমরেড হেনা দাসের স্মৃতি বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। সেখানেও সিপিবির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।