শেষ পর্যন্ত সাইমুম সরওয়ার কমলের কাছে হেরে গেলেন কক্সবাজার-৩ ( সদর-রামু) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কানিজ ফাতেমা মোস্তাক। দলীয় প্রতীক নৌকার দাবি নিয়ে এই দুই প্রার্থীর মধ্যে গত কয়েক দিন ধরে বিরোধ চলছিল।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রুহুল আমিন ঋণখেলাপির দায়ে কানিজ ফাতেমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করলে নৌকার মালিক বনে যান কমল।
গতকাল শুক্রবার জুমার নামাজ শেষ করে কমল নৌকা নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। দলীয় সুত্র জানায়, গত ২৮ নভেম্বর সংসদীয় কমিটি এই আসনে দলের প্রার্থী হিসেবে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমাকে মনোনয়ন দেয়। ২ ডিসেম্বর তিনি দলের প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রও দাখিল করেন। এ সময় শেখ হাসিনার সই করা নিজের মনোনয়নপত্রটিও জমা দেন। কিন্তু গত ৪ ডিসেম্বর শেখ হাসিনার সই করা আরেকটি মনোনয়নপত্র জমা দেন গতবারের মহাজোট প্রার্থী সাইমুম সরওয়ার কমল। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রুহুল আমিন বিলখেলাপির দায়ে কানিজ ফাতেমার মনোনয়ন বাতিল ঘোষণা করলে নৌকার একক মাঝি বনে যান কমল।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা রিটানিং কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, বিলখেলাপির কারণে কানিজ ফাতেমা মোস্তাকের মনোনয়ন বাতিল করা হয়েছে। এখন আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে আছেন সাইমুম সরওয়ার কমল। তাঁকেই নৌকা প্রতীক বরাদ্দ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কানিজ ফাতেমার ১২টি বিলের বিপরীতে প্রায় ১৭ হাজার টাকা পল্লী বিদ্যুতের বিল বকেয়া ছিল। তা ছাড়া জনতা ব্যাংকের ৪৩ লাখ ৭০ হাজার টাকার এক ঋণখেলাপির তিনি জিমঞ্চাদার ছিলেন। এ কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়।