কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলা প্রশাসনিক ভবনে তালা ভেঙে ফাইলপত্র তছনছ
মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার প্রশাসনিক ভবনের ১০টি কার্যালয়ের কক্ষের তালা ভেঙে ফাইলপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে কমলগঞ্জে গত বৃহস্পতিবার এবং কুলাউড়ায় গত শুক্রবার বা শনিবার রাতের কোনো এক সময় ওই দুটি ঘটনা ঘটে।গত শুক্রবার সকাল নয়টার দিকে কমলগঞ্জ উপজেলা কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, উপজেলা ভূমি অফিস, নির্বাচন অফিস, সেটেলমেন্ট অফিস, আনসার ও ভিডিপি অফিস, যুব উন্নয়ন অফিস, প্রাথমিক শিক্ষা অফিস ও কৃষি অফিসের তালা ভাঙা। দুর্বৃত্তরা একই কায়দায় সাতটি অফিসের ১২টি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ২৪টি টেবিলের ড্রয়ারের তালা ও ২০টি স্টিলের আলমারির তালা ভেঙে মূল্যবান কাগজপত্র তছনছ করে।কমলগঞ্জ উপজেলা সার্ভেয়ার মামুন আহমদ জানান, আপাতত খোঁজ করে দেখা গেছে কোনো কাগজপত্র খোয়া যায়নি। তবে অফিসে ব্যবহূত কিছু সামগ্রী চুরি হয়েছে। কাগজপত্র তছনছের নমুনায় ধারণা করা যায়, চোরেরা টাকা খুঁজছিল।একই রাতে কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের রাধাগোবিন্দপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষের তালা ভেঙে ড্রয়ার ও স্টিলের আলমারির তালা ভেঙে কাগজপত্র তছনছ করে দুর্বৃত্তরা।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুলাউড়া উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে কর্মকর্তা-কর্মচারীরা এসে উপজেলা প্রশাসনের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কক্ষের তালা ভাঙা দেখতে পান। পরে কুলাউড়া থানার পুলিশকে বিষয়টি জানানো হয়। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) অকিল উদ্দিন প্রথম আলোকে জানান, তিনটি কক্ষে দুর্বৃত্তরা ফাইলপত্র তছনছ করেছে। এসব কক্ষে একটি মোটরসাইকেল, তিনটি কম্পিউটার থাকলেও সেগুলো চুরি হয়নি।