কমলগঞ্জ-বড়লেখায় ঝড়ে পাঁচ হাজার ঘর বিধ্বস্ত
মৌলভীবাজারের কমলগঞ্জ ও বড়লেখা উপজেলায় কালবৈশাখীতে পাঁচ হাজারেরও বেশি ঘর বিধ্বস্ত হয়েছে। ঘর চাপায় শিশুসহ আহত হয়েছে ১৩ জন।সোমবার দিবাগত রাত একটার দিকে কমলগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন ও কমলগঞ্জ পৌরসভার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। স্থানীয় প্রশাসন সূত্র জানায়, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে উপজেলার এক হাজার ৫২১টি ঘর সম্পূর্ণ ও দুই হাজার ৮৫৬টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কমলগঞ্জ সদর উপজেলার বনাঞ্চল, সড়কপথ ও বাড়িঘরের প্রায় অর্ধলক্ষাধিক গাছ ভেঙে পড়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় রেললাইনের ওপর গাছ পড়ায় সিলেটের সঙ্গে কমলগঞ্জের রেল যোগাযোগ প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকে। উপজেলা কৃষি কর্মকর্তা নরেশ চন্দ্র বারই বলেন, কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টিতে পতনঊষার কেওলার হাওর এলাকার ১০ হেক্টর বোরো ফসলের ক্ষতি হয়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম গতকাল মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।বড়লেখা উপজেলায় সোমবার শেষ রাতের দিকে বয়ে যাওয়া কালবৈশাখীতে উপজেলার ১২০টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৬টি ঘর।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মৃণাল কান্তি সেন জানান, তাত্ক্ষণিকভাবে জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ১১ মেট্রিক টন চাল, নগদ ৬০ হাজার টাকা এবং ঘর নির্মাণের জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত: জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি জানিয়েছেন, মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় কয়েকটি জায়গায় গত সোমবার রাতে প্রচণ্ড ঝোড়ো বাতাসে বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও গাছ পড়ে তার ছিঁড়ে যাওয়ায় কয়েকটি অভ্যন্তরীণ বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এলাকার কয়েক হাজার গ্রাহক দুর্ভোগের শিকার হচ্ছে।