কমলগঞ্জে আ.লীগ নেতারা ওএমএসের ডিলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় খোলাবাজারে চাল বিক্রির জন্য (ওএমএস) ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এখানে নিয়োগ দেওয়া পাঁচজনের মধ্যে তিনজন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা এবং দুজন তাঁদের আত্মীয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রমজান মাস উপলক্ষে সারা দেশে ওএমএসের কার্যক্রম শুরু হয়। সরকারি নীতিমালা অনুযায়ী এই চাল বিক্রির জন্য ডিলার নিয়োগে পুরোনো ডিলারদের অগ্রাধিকার দিতে হবে। ডিলারদের গুদামসহ স্থায়ী দোকান, ট্রেড লাইসেন্স ও নিয়মিত ব্যবসায়ী হতে হবে। ডিলার নিয়োগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। বিধি অনুযায়ী ডিলার নিয়োগের আবেদন আহ্বান করার পর খাদ্য কর্মকর্তা সরেজমিন তদন্ত করে একটি সুপারিশ করবেন। পরে ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে নিয়োগ কমিটি ডিলার নিয়োগ করবে। কিন্তু খাদ্য কর্মকর্তার তদন্ত ও সুপারিশ ছাড়াই ডিলার নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।নিয়োগ কমিটি ৯ আগস্ট ইউএনওর কার্যালয়ে সভা করে। সভায় উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বাবুল হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, কুমড়া কাপন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুল মন্নানের ছেলে রাজীব আহমদ ও উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলীকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন ও তাঁর ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সভাপতি সানোয়ার হোসেন দলীয় প্রভাব খাটিয়ে এ নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সানোয়ার হোসেন জানান, নিয়ম অনুযায়ী ডিলার নিয়োগ করা হয়েছে। এখানে তিনি বা তাঁর বড় ভাই যুবলীগের নেতা আনোয়ার হোসেনের কোনো হাত নেই।নাম প্রকাশ না করার শর্তে যুবলীগের এক নেতা বলেন, ‘সব সরকারের আমলে দলীয় নেতা-কর্মীদের কিছু করে খাবার সুযোগ দিয়ে থাকে। এবার এভাবে চাল বিক্রির ডিলার নিয়োগ করা হয়েছে। এ নিয়ে অযথা সংবাদ প্রকাশ করার প্রয়োজন নেই।’পৌর মেয়র হাছিন আফরোজ চৌধুরী বলেন, বিধি মোতাবেক চাল বিক্রির ডিলার নিয়োগ না দেওয়ায় তিনি এতে স্বাক্ষর করেননি।নিয়োগ কমিটির সদস্য কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুর রহমান বলেন, সর্বসম্মতিক্রমে ডিলার নিয়োগ করা হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, নিয়োগ কমিটির সিদ্ধান্তে ওই পাঁচ ডিলারকে নিয়োগ দেওয়া হয়েছে। অনিয়মের বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী বলেন, নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাঁচজন ডিলার নিয়োগ করা হয়েছে।