কমলগঞ্জে আউশ ধানের দাম কম, বিপাকে কৃষক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আউশ ধান বিক্রি করে উৎপাদন খরচ না ওঠায় বিপাকে পড়েছেন কৃষকেরা। বাজারে এখন চাহিদা না থাকায় ধানের দাম কম বলে জানিয়েছে কৃষি বিভাগ। কয়েক দিন পর দাম বাড়লে ধান বিক্রির পরামর্শ দিয়েছে ওই বিভাগ।
কমলগঞ্জ উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর কমলগঞ্জ উপজেলায় ১০ হাজার ৮০০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ২৫ শতাংশ আউশ ধান কাটা হয়ে গেছে। নতুন ধানের উৎপাদন ব্যয়ের চেয়ে অনেক কম দামে ধান বিক্রি করতে হচ্ছে কৃষকদের। প্রতি মণে তাঁদের ১০০ থেকে ১৫০ টাকা লোকসান হচ্ছে। সঠিক মূল্য না পাওয়ায় কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সফল কৃষক মোবাশ্বির আলী, ইজ্জাদুর রহমান, জালালিয়া গ্রামের আমান উদ্দীন, নিত্যানন্দপুরের আলতা মিয়া, ভরতপুর গ্রামের বাছিত মিয়া, মুত্রাপুর গ্রামের হাফিজুর রহমান বলেন, ধান রোপণের পর মাড়াই দেওয়া পর্যন্ত প্রতি মণ ধান উৎপাদনে ব্যয় হচ্ছে সাড়ে ৪৫০ থেকে ৫০০ টাকা। আর বাজারে ধানের আড়তদারদের কাছে প্রতি মণ ধান বিক্রি করতে হচ্ছে গড়ে ৩০০ টাকা দরে।
কৃষকেরা বলেন, এক বিঘা জমিতে ধান উৎপাদনে খরচ হয়েছে ৭ থেকে সাড়ে ৭ হাজার টাকা। আর এক বিঘায় ফলন হচ্ছে ১৫ থেকে সর্বোচ্চ ১৭ মণ। কৃষকেরা আরও বলেন, ‘কৃষিমন্ত্রীর কথামতো আউশের ফলন বৃদ্ধি করেও বাজারে ধানের উৎপাদন খরচই পাচ্ছি না। সার, বীজ, সেচ, ওষুধ আর শ্রমিকের খরচ দিয়ে যে দরে ধান বিক্রি করতে হচ্ছে, সেখানে গড়ে ১৫০ টাকা লোকসান হচ্ছে। এই সময়ে সরকারও কৃষকদের কাছ থেকে ধান ক্রয় না করায় মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা মুনাফা নিচ্ছেন বলে কৃষকেরা অভিযোগ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শামসুদ্দীন আহমদ বলেন, আউশ ধানের উৎপাদন বেশি হওয়ায় বাজারে চাহিদা কম। এতে দেড় হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিছুদিন পর বাজারে ধানের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই সময়ে ধান বিক্রি না করে নিজ ঘরে সংরক্ষণ করে কিছুদিন পর বিক্রি করলে কৃষকেরা দাম বেশি পেতে পারেন।