কমলগঞ্জে আদিবাসী গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মণিপুরি আদিবাসী সম্প্রদায়ের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। গত বুধবার সন্ধ্যায় বিষপানের পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মাধবপুর ইউনিয়নের বাঘবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন ওই গৃহবধূ বলেছেন, শ্বশুর-শাশুড়ির নির্যাতন সইতে না পেরে তিনি বিষপান করেন।স্থানীয় বাসিন্দারা জানান, বাঘবাড়ী গ্রামের মণিপুরি সম্প্রদায়ের সরঞ্জিত সিংহ সাত বছর আগে ভালোবেসে বিয়ে করেন পাশের বাড়ির বাসন্তী দেবীকে। তাঁদের দুটি সন্তান রয়েছে। মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন বাসন্তী গতকাল বৃহস্পতিবার জানান, শ্বশুরবাড়ির লোকজনের অমতে বিয়ে করায় তাঁকে শ্বশুর-শাশুড়ি শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এ ব্যাপারে স্বামীর কাছে অভিযোগ করলে তিনি কোনো প্রতিকার না করে উল্টো তাঁকে দোষারোপ করেন। গত বুধবার বিকেলে দাম্পত্য কলহের একপর্যায়ে সরঞ্জিত তাঁকে বিষ খেয়ে মরতে বলেন। অভিমানে তিনি বিষপান করেন। সরঞ্জিত বলেন, ঝগড়ার সময় তিনি রাগ করে স্ত্রীকে বিষ খেয়ে মরতে বলেছিলেন। ধর্ষণের চেষ্টা: কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে তিন বছর বয়সের একটি মেয়েকে ধর্ষণের চেষ্টা করার সময় গ্রামবাসী এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কাঁঠালকান্দি গ্রামের বখাটে যুবক মইনুল (২২) শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার দেয়। চিৎকার শুনে এলাকাবাসী তাকে আটক করে।