কমলগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে খাসিয়াদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে সিলেট বিভাগ আদিবাসী ফোরামের উদ্যোগে খাসিয়া জনগোষ্ঠী মানববন্ধন করেছে। আদমপুর ইউপির চেয়ারম্যানের নেতৃত্বে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে গত বুধবার উপজেলা শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে পাঁচ শতাধিক খাসিয়া নারী-পুরুষ অংশ নেন। এতে সিলেট বিভাগ আদিবাসী ফোরামের নেতা মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিসন প্রধান সুচিয়াং, কালেঞ্জি পুঞ্জির হেডম্যান নাইট খেল ইয়েন প্রমুখ বক্তব্য দেন। তাঁরা অভিযোগ করেন, কালেঞ্জি পুঞ্জির খাসিয়া পরিবারগুলো আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া ও তাঁর লোকজনের হাতে জিম্মি হয়ে পড়েছে। এ অবস্থা থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন বক্তারা। প্রায় ৩০ মিনিট স্থায়ী এই মানববন্ধন শেষে খাসিয়া পুঞ্জির হেডম্যানরা ইউএনও’র সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা তুলে ধরেন।
তবে ইউপি চেয়ারম্যান সাব্বির অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ তাঁকে হেয় করতে খাসিয়াদের ব্যবহার করে তাঁর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।
কালেঞ্জি পুঞ্জির হেডম্যান নাইট খেল ইয়েন অভিযোগ করেন, চেয়ারম্যান সাব্বির দীর্ঘদিন ধরেই চাঁদা আদায় করে আসছেন। ডিসেম্বরে চাঁদা না পেয়ে ওই মাসের ৩১ তারিখে লোক লাগিয়ে এখানকার ৫০০ পানগাছ কেটে ফেলেন। ১৩ মার্চ আবার চেয়ারম্যানের লোক সেকান্দর কালেঞ্জির যুবক ওয়ান ঘর তারাংয়ের পথ রোধ করে তাঁর হাতে তিন লিটার দেশি মদ ধরিয়ে দিয়ে পুলিশে সোপর্দ করেন।