কমলগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে বৃদ্ধের পা ভেঙে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে গত বুধবার বাবুল দাশ (৬০) নামের এক বৃদ্ধের ডান পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার দুই দিন পর গত শুক্রবার থানায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যকে প্রধান আসামি করে মামলা করেছেন বাবুল দাশ।প্রত্যক্ষদর্শী ও বাবুল দাশের ছেলে বিপুল দাশ জানান, আত্মীয় পার্বতী দাশের সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এতে উপজেলার পতনঊষার ইউপি সদস্য জমশেদ আহমদ তাঁদের আত্মীয়ের পক্ষে অবস্থান নেন। এর জের ধরে গত বুধবার সন্ধ্যায় বাবুলকে একা পেয়ে ইউপি সদস্য জমশেদ রিকশা থেকে টেনে নামিয়ে মাটিতে ফেলে দেন। পরে জমশেদ বাবুলের বুকে লাথি মারেন ও তাঁর সঙ্গে থাকা নূর মিয়া কাঠের টুকরা দিয়ে পিটিয়ে তাঁর ডান পা ভেঙে ফেলেন। ওই দিন রাতেই তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।হাসপাতালে চিকিৎসাধীন বাবুল দাশ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি কচু বনে আশ্রয় না নিলে ইউপি সদস্য জমশেদ তাঁকে হত্যা করতেন। তবে মুঠোফোনে যোগাযোগ করলে জমশেদ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।