কমলগঞ্জে ইউরিয়ার তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে সরবরাহ না করায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দিয়েছে। ইউরিয়া সারের পরিবর্তে কারখানা কর্তৃপক্ষ তাদের আমদানি করা নিম্নমানের সার ডিলারদের সরবরাহ করছে। ওই সার ওজনেও কম দেওয়া হচ্ছে বলে ডিলাররা অভিযোগ করেছেন।
এদিকে ওই নিম্নমানের সার কৃষকেরা কিনছেন না। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে ভালো সার না পেয়ে বিপাকে পড়েছেন আউশের আবাদ করা কৃষকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে আউশখেতে সার প্রয়োগ করার জন্য কৃষকেরা বাজারে গিয়েও ফেঞ্চুগঞ্জ সার কারখানার উৎপাদিত ইউরিয়া পাচ্ছেন না। শমশেরনগরের কৃষক মো. দুরুদ আলী, মোবাশ্বির মিয়া, পতনঊষারের শেরওয়ান আলীসহ আরও কয়েকজন বলেন, তাঁরা এক মাস ধরে বাজারে ঘুরে ইউরিয়া সার পাচ্ছেন না। সার প্রয়োগ করতে না পারায় ধানগাছ লালচে হয়ে মারা যাচ্ছে। এই সময়ে ইউরিয়া সার প্রয়োগ করা অত্যন্ত জরুরি। কিন্তু বাজারে এই সার পাওয়া যাচ্ছে না। নিম্নমানের কাফকো সার পাওয়া যাচ্ছে। ওই সার ভাঙার পর পাউডার হয়ে যায়। তা ছাড়া এই সার খুবই শক্ত। এ ছাড়া কিছু ডিলার উচ্চ মূল্যে চোরাইপথে আনা সার বিক্রি করছেন। কৃষকেরা জানান, ইউরিয়া সার প্রতি কেজি ১৬ টাকা হলেও সার সংকটের সুয়োগে কিছু অসাধু ব্যবসায়ী ২০ থেকে ২২ টাকা দরে বিক্রি করছেন।
কমলগঞ্জের সার ডিলার প্রমথ পাল পিনাক ও আবদুল মান্নান খান বলেন, তাঁরা অনেক দিন আগে ইউরিয়া সার নেওয়ার জন্য ফেঞ্চুগঞ্জ সার কারখানায় টাকা জমা রেখেছেন। কিন্তু ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে তাদের উৎপাদিত ওই সার দেওয়া হচ্ছে না। ৪৫ কেজি ওজনের বস্তায় কাফকো সার ডিলারদের দেওয়া হয়। এগুলো চাকা চাকা, শক্ত এবং ওজনে কম। এই সার ভাঙার পর পাউডার হয়ে যায়। কৃষকেরা এই সার নিচ্ছেন না।
ডিলাররা আরও বলেন, ফেঞ্চুগঞ্জ থেকে উৎপাদিত ইউরিয়া সার চা-বাগানগুলোতে সরবরাহ করা হচ্ছে। অথচ কৃষকদের দেওয়ার জন্য ইউরিয়া সার ডিলারদের দেওয়া হচ্ছে না। কিছু অসাধু ব্যবসায়ী আশুগঞ্জ ও কাতারের উৎপাদিত সার অবৈধভাবে চোরাইপথে এনে কৃষকদের কাছে উচ্চমূল্যে বিক্রি করছেন।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামছুদ্দিন সারসংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে ডিলারদের চাহিদামতো ইউরিয়া সার সরবরাহ করা হচ্ছে না। কারখানা থেকে আমদানি করা বিভিন্ন ধরনের সার সরবরাহ করা হলেও কৃষকরা তা কিনছেন না। তিনি বলেন, আগে সিদ্ধান্ত ছিল ১০ টন ইউরিয়া সারের জায়গায় আট টন এবং সঙ্গে আমদানি করা সার দুই টন দেওয়া হবে। বর্তমানে ফেঞ্চুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ এ নিয়ম মানছে না।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, সারসংকটের সুযোগে চড়া দামে সার বিক্রির জন্য এর আগে অভিযান চালিয়ে ভানুগাছের জননী এন্টারপ্রাইজকে জরিমানা করা হয়।
এসব ব্যাপারে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফেঞ্চুগঞ্জ সার কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইস্কান্দর আলী ফোন ধরেননি।