কমলগঞ্জে ঈদের শুভেচ্ছার আড়ালে নির্বাচনী প্রচার
ঈদুল আজহার শুভেচ্ছা জানানোর আড়ালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌরসভা, নয়টি ইউনিয়ন ও শমশেরনগর বণিক কল্যাণ সমিতির নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। তাঁরা বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচার চালাচ্ছেন।
গত বুধবার উপজেলা শহর ও কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, রাস্তার মোড়, বৈদ্যুতিক খুঁটি, গাছ, বিভিন্ন ভবন, রেলস্টেশন, বাসস্টেশন ও সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ঢেকে গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী বছর মার্চ মাসে কমলগঞ্জ পৌরসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। ওই নির্বাচনের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন রঙিন ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের মাধ্যমে। কমলগঞ্জ পৌরসভার নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আবু ইব্রাহিম জমসেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আছলম ইকবাল, সাবেক মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাছিন আফরোজ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সহসভাপতি জাকারিয়া হাবিব, পৌর যুবলীগের সভাপতি মো. জুয়েল আহমদ প্রমুখ প্রচার চালাচ্ছেন।
কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারের ব্যবসায়ীরা বলেন, এবারের পৌর নির্বাচনে এত প্রার্থীর ভিড়ে মেয়র প্রার্থী নির্বাচন করা কঠিন হবে। একই অবস্থা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিয়েও।
ঈদ শুভেচ্ছা জানানোর আড়ালে শমশেরনগর, আলীনগর, পতনউষার, মুন্সীবাজার, মাধবপুর, আদমপুর, ইসলামপুর, রহিমপুর ও কমলগঞ্জ সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করে প্রচার চালাচ্ছেন। তাঁরা নির্বাচনের জন্য সবার দোয়া চেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ ভোটাররা বলেন, ‘রঙিন ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে দেখতে ভালো লাগছে। নির্বাচনের সময় যাঁকে ভালো মনে করব তাঁকে ভোট দেব। সেটাও আগামী বছর মার্চের পরে অনুষ্ঠিত হবে। স্থানীয় কয়েকজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলেন, আগামী বছর পৌরসভা নির্বাচনের পরই ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে।
শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সম্ভাব্য প্রার্থীরাও প্রচার চালাচ্ছেন। সমিতির সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক পদের প্রার্থীরা স্থানীয় বাজারে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করেছেন।
শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি পদে নতুন মুখ আবদুল মালিক বলেন, তিনি ব্যবসায়ীদের সেবা করতে ও সমিতিকে আরও সুদৃঢ় করতেই প্রার্থী হয়ে ঈদ শুভেচ্ছার মাধ্যমে প্রচারের জন্য ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করেছেন। ব্যবসায়ীরা জানান, আগামী বছর জুন মাসে বণিক সমিতির নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে।