কমলগঞ্জে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কান হারালেন ছাত্রীর ভাই
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সড়ইবাড়ী গ্রামে গতকাল বুধবার উত্ত্যক্ত করার প্রতিবাদ জানালে এক স্কুলছাত্রীর ভাইয়ের একটি কান ছিঁড়ে নেয় বখাটে।প্রত্যক্ষদর্শী ও স্কুলছাত্রীর ভাই মানিক মিয়া বলেন, তাঁর ছোট বোনসহ অন্য ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উপজেলার সড়ইবাড়ী গ্রামের হেলাল মিয়া কদিন ধরে উত্ত্যক্ত করছিল। গতকাল সকালে বিদ্যালয়ে প্রাইভেট পড়তে বের হয় তাঁর বোন। হেলাল সকাল সাড়ে আটটার দিকে মানিকের মুঠোফোনে ফোন করে জানতে চায় তাঁর বোন বিদ্যালয়ে গেছে কি না। এ সময় তিনি জানান, তাঁর বোন বিদ্যালয়ে গেছে। পরে হেলাল হুমকি দেয় তাঁর বোনকে রাস্তায় অপমান করা হবে। এই হুমকি পেয়ে মানিকসহ অন্যরা বিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। এরই মধ্যে হেলাল পথে তাঁর বোনের গতি রোধ করে। তাঁরা ঘটনাস্থলে পৌঁছালে হেলাল চলে যায়। বেলা আড়াইটার দিকে মানিক সড়ইবাড়ী গ্রামের করিম মার্কেটে পৌঁছালে হেলালসহ তার সঙ্গীরা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে হেলাল মানিকের বাঁ কান কামড় দিয়ে কেটে নেয়।পরে মানিককে উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী বলেন, এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।