মৌলভীবাজারের কমলগঞ্জের শিক্ষক রবীন্দ্র সিংহ হত্যাকাণ্ডের প্রায় চার মাস পর চেরাগ মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ কথা জানায়। চেরাগ মিয়া শিক্ষক রবীন্দ্রকে হত্যার কথা থানা ও আদালতে স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। তবে পুলিশ নিজেদের ব্যর্থতা ঢাকতে নিরীহ চেরাগকে হত্যা মামলার আসামি বানাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। পরিবারের দাবি, চেরাগ নিরপরাধ।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীহার রঞ্জন নাথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর এলাকার গোপন আস্তানায় অভিযান চালিয়ে চেরাগকে আটক করা হয়। তিনি শ্রীপুর গ্রামের আবদুর রহিমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিক্ষক রবীন্দ্র হত্যা মামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত অন্যদের নামও বলেছেন। মঙ্গলবার বিকেলে চেরাগ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শ্রীপুর গ্রামবাসী জানান, গত রোববার দুপুরে চেরাগকে শ্রীপুর এলাকার মকবুল মিয়ার দোকান থেকে আটক করা হয়। তিনি ওই সময় সেখানে ক্যারম খেলছিলেন। রবীন্দ্র হত্যা মামলায় পুলিশের ব্যর্থতা ঢাকতে চেরাগকে আটক করে নাটক সাজানো হচ্ছে। দোকানি মকবুল মিয়া বলেন, ‘চেরাগ প্রতিদিনই এখানে ক্যারম খেলে। ও খুনের মতো অপরাধ করছে বলে মনে হয় না।’ চেরাগের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, থানায় চেরাগের ওপর নির্যাতন করে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করানো হয়। গত ২৩ অক্টোবর কমলগঞ্জের রানীবাজার পূজামণ্ডপ থেকে ফেরার পথে দুষ্কৃতকারীরা রবীন্দ্রকে গুলি করে হত্যা করে।