কমলগঞ্জে এনজিও কার্যালয় সিলগালা, পাঁচজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিস্তিতে সিএনজি অটোরিকশা দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত সোমবার মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয় সিলগালা করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কমলগঞ্জ ও মৌলভীবাজার থেকে প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক গ্রাহক।খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৭ সালের সেপ্টেম্বরে মৌলভীবাজার জেলা সদরে আশ্রয় ডেভেলপমেন্ট লিমিটেড নামের এনজিও কার্যক্রম শুরু করে। গত বছর কমলগঞ্জের শমশেরনগর চৌমুহনায়ও এর কার্যালয় স্থাপন করে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি কিছু মাঠকর্মী নিয়োগ করে সিএনজি অটোরিকশা দেওয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে কিস্তিতে প্রাথমিকভাবে ৭০ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা সংগ্রহ করে। এভাবে প্রায় কোটি টাকা সংগ্রহ করা হলেও হাতে গোনা মাত্র কয়েকজনকে সিএনজি অটোরিকশা দেওয়া হয়। বাকি ব্যক্তিদের দিনের পর দিন ঘোরাতে থাকে। আর যাদের অটোরিকশা দেওয়া হয়েছে, তাদেরও কোনো কাগজপত্র দেওয়া হয়নি। এসব বিষয়ে অভিযোগ পেয়ে গত সোমবার বিকেলে ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী শমশেরনগরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালান। এ সময় ভাইস চেয়ারম্যান আবদুল মালিক, কোষাধ্যক্ষ আশরাফ আলী সংস্থার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। ফলে ইউএনও তাঁদের আটক ও কাগজপত্র জব্দ করেন। রাতে সংস্থাটির চেয়ারম্যান রুহুল আমীন, কর্মী দুলাল শাহানুল ও অটল বিহারী ভট্টাচার্যকে মৌলভীবাজার কার্যালয় থেকে আটক করা হয়। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। তবে গতকাল একজন ছাড়া সবাই মৌলভীবাজারের একটি আদালত থেকে জামিন পেয়েছেন। এদিকে সোমবার রাতেই শমশেরনগরের শিংরাউলী গ্রামের হামিদুর রহমান নামের এক গ্রাহক চেয়ারম্যানসহ ১৫ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় মামলা করেন। হামিদুর রহমান ও রহিমা বেগম অভিযোগ করেন, প্রায় চার মাস আগে লক্ষাধিক টাকা নিলেও তাঁদের সিএনজি অটোরিকশা দেওয়া হয়নি। এ ব্যাপারে জানার চেষ্টা করলে প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মী নানাভাবে টালবাহানা শুরু করেন। ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী এ বিষয়ে বলেন, গ্রাহকদের কাছ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে তিনি প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালিয়েছিলেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে দাবি করে তিনি বলেন, অভিযোগকারী গ্রাহকের সংখ্যা শতাধিক। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন বলেন, ধারণা করা হচ্ছে, আশ্রয় ডেভেলপমেন্ট একটি প্রতারণামূলক সংস্থা।