কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি খোকন রুদ্রপালকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে শ্রীমঙ্গলের সোনাছড়া চা-বাগান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কিশোরী অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) গত রোববার হাইকোর্টে তলব করা হয়েছে। কমলগঞ্জ উপজেলার নন্দরানী চা-বাগান থেকে গত শুক্রবার ওই কিশোরীকে (১২) অপহরণ করা হয়। শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার হোসেনাবাদ চা-বাগানের ১০ নম্বর সেকশন থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে রোববার তিনজনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করেন। সোমবার রাতে শ্রীমঙ্গল উপজেলার সোনাছড়া চা-বাগানে ফুফুর বাড়ি থেকে খোকন রুদ্রপালকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি নন্দরানী চা-বাগানের দেব নারায়ণ রুদ্রপালের ছেলে। মৌলভীবাজার সদর হাসপাতালে কিশোরীর চিকিৎসা চলছে। সে এখন শঙ্কামুক্ত বলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা কান্তিভূষণ নাথ জানান।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, মেয়েটিকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। ৯ ফেব্রুয়ারি কিশোরীকে হাত পা বাধা বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থানার ওসি সঠিকভাবে নিজ দায়িত্ব পালন না করায় তাঁদেরকে হাইকোর্টে তলব করা হয়েছে। গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ওসিকে সশরীরে হাইকোর্টে উপস্থিত হয়ে কারণ দর্শাতে হবে।