কমলগঞ্জে ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামে গত রোববার রাতে রুমা (৩) নামের এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শিশুটির বাবা শরীফ মিয়াও আহত হন।
নিহত শিশুর পরিবারের সদস্যদের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আসিক মিয়ার ছেলে ছালিম মিয়ার নেতৃত্বে এক দল দুর্বৃত্ত রোববার রাত আড়াইটার দিকে বেড়া ও দরজা ভেঙে ঘরে ঢোকে। এ সময় দুর্বৃত্তরা ঘুমিয়ে থাকা রুমার গলায় দা দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই রুমা মারা যায়। দুর্বৃত্তরা শরীফের মাথায়ও আঘাত করে। পরে আহত শরীফকে পরিবারের সদস্যরা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ব্যাপারে কথা বলতে ছালিম মিয়ার বাড়ি গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তবে আসিক মিয়া বলেন, এ ঘটনায় তাঁর ছেলে ছালিম জড়িত নন। ছেলেকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুল আলম জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর মা নেকজান বিবিকে থানায় আনা হয়েছে।