কমলগঞ্জে চা-বাগানে ডাকাতি, ২ লক্ষাধিক টাকার মালামাল লুট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা-বাগানের এক কর্মচারীর বাসায় ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদল নগদ অর্থ, স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। গত ১ জুন দিবাগত রাতে চা-বাগানের কর্মচারী আবদুস শহীদের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত-আক্রান্ত চা-বাগানের কর্মচারী আবদুস শহীদ জানান, শুক্রবার দিবাগত রাত দুইটায় ১০ থেকে ১৫ জনের মুখোশ পরা ডাকাতদল বাসার গোসলখানার দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে। ডাকাতদল অস্ত্রের মুখে বাসার লোকজনকে জিমিঞ্চ করে চার ভরি ওজনের স্বর্ণালংকার, ২০ হাজার টাকা ও একটি মুঠোফোন লুটে নেয়। এ ঘটনায় গতকাল শনিবার মাধবপুর চা-বাগান কর্তৃপক্ষ কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই মিজানুর রহমান ও এসআই আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। কমলগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বলেন, মাধবপুর চা-বাগান থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।