কমলগঞ্জে চা-শ্রমিক দিবসে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, র্যা লি ও শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে গত বুধবার মৌলভীবাজারের কমলগঞ্জে চা-শ্রমিক দিবস পালন করা হয়েছে। সমাবেশে চা-শ্রমিকের দৈনিক ২০০ টাকা মজুরি, ভিটা উচ্ছেদ আইন বাতিল, নৈমিত্তিক ছুটি, উচ্চশিক্ষা ও চাকরিতে কোটা, শিক্ষাবৃত্তি পুনরায় চালুসহ ২০ মে চা-শ্রমিক দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয়।
ওই দিন বিকেলে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা-বাগানের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ হয়। এর আগে সকালে শহীদ মিনারে চা-শ্রমিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি র্যা লি চা-বাগানের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
মৃর্ত্তিঙ্গা চা-বাগান পঞ্চায়েত সভাপতি নিরঞ্জন তন্তবাইয়ের সভাপতিত্বে ও মৃর্ত্তিঙ্গা চা ছাত্র যুব পরিষদের সাধারণ সম্পাদক মানিক প্রসাদ পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রামভজন কৈরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সিউধন কুর্মী, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, কেন্দ্রীয় নেতা বিজয় হাজরা। সমাবেশে মৃর্ত্তিঙ্গা চা ছাত্র যুব পরিষদের চতুর্থ বার্ষিকী উপলক্ষে স্মরণিকা জাগো-এর মোড়ক উন্মোচন করা হয়।
রামভজন কৈরী বলেন, চা-শ্রমিকদের কাছে ২০ মে একটি স্মরণীয় দিন। ১৯২১ সালের ২০ মে ঘটে যাওয়া সেই রক্তাক্ত ঘটনা স্মরণ করেই এ দিবসটি প্রতিবছর চা-শ্রমিকেরা পালন করে থাকেন বাগানে বাগানে। শোষণমুক্তির সংগ্রামের ইতিহাসে ত্যাগের গৌরবোজ্জ্বল এ দিনটি যথাযোগ্য মর্যাদায় চা-শ্রমিকেরা স্মরণ করেন প্রতিবছর। কিন্তু যে মুক্তির জন্য শ্রমিকেরা ৯৩ বছর আগে প্রতিবাদী হয়েছিলেন, তার সমাধান আজও হয়নি।
রামভজন কৈরী বলেন, এখনো চা-শ্রমিকেরা দৈনিক মাত্র ৬৯ টাকা মজুরিতে কাজ করেন। তৎকালীন সরকার ও মালিকদের নানামুখী নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে ১৯২১ সালের ২০ মে কাছার ও সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা-শ্রমিক বিদ্রোহ করে নিজ মুলুকে (জন্মস্থান) ফিরে যেতে চাইলে মালিক ও সরকারপক্ষের মদদে চাঁদপুর মেঘনা নদীর স্টিমার ঘাটে মালিকদের সহযোগিতায় গুর্খা সৈন্যরা হত্যাযজ্ঞে মেতে উঠে। এ ঘটনায় বেশ কিছু শ্রমিক নিহত হন। এ দিনটি আজও চা-শ্রমিকদের মুক্তি আন্দোলনের স্মারক ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। তাই ২০ মে চা-শ্রমিক দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয়।