কমলগঞ্জে চা-শ্রমিক সমাবেশ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানে গতকাল রোববার চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ভিটা উচ্ছেদ আইন বাতিলকরণ, চাকরি ও শিক্ষা কোটা সংরক্ষণ এবং শ্রমিক ইউনিয়নে গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখার দাবিতে শ্রমিক সমাবেশ হয়েছে। দাবি আদায়ে সব চা-বাগান শ্রমিকেরা একত্র হয়ে বড় ধরনের আন্দোলন শুরু করবেন বলে সমাবেশে শ্রমিকনেতারা ঘোষণা দেন। চা-শ্রমিক নেতা যোগেশ নুনিয়ার সভাপতিত্বে ও সজল কৈরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী, কৃষ্ণলাল কালুয়ার, গণেশ পাত্র, মোবারক হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ৩৬ বছর পর ২০০৮ সালে প্রথমবারের মতো গণতান্ত্রিক উপায়ে সাধারণ চা শ্রমিকদের ভোটে চা শ্রমিক ইউনিয়নে মাখন লাল কর্মকার সভাপতি ও রাম ভজন কৈরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ কমিটি এক বছরের মধ্যে চা-বাগান মালিকদের সংগঠন চা সংসদের সঙ্গে চুক্তি করে চা-শ্রমিকদের মজুরি ৩২ টাকা ৫০ পয়সা থেকে বৃদ্ধি করে ৪৮ টাকা করে।