মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা-বাগানের ব্যবস্থাপক নারী চা-শ্রমিকদের গালিগালাজ করায় গতকাল মঙ্গলবার শ্রমিকেরা কর্মবিরতি করেন। সমঝোতা বৈঠকে ব্যবস্থাপক ক্ষমা চাওয়ার পর তাঁরা বিকেলে কাজে যোগ দেন। দুপুর ১২টায় বাগানে গিয়ে দুই সহস্রাধিক চা-শ্রমিককে পূজামণ্ডপের সামনে অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। এ সময় শ্রমিকেরা বলেন, গত রোববার চা-শ্রমিক সংঘের উদ্যোগে মজুরি বৃদ্ধিসহ দাবিদাওয়া নিয়ে চা-শ্রমিকদের সভা অনুষ্ঠিত হয়। এতে বাগান ব্যবস্থাপক সুজিত কুমার সাহা ক্ষুব্ধ হন। গত সোমবার কয়েকজন মহিলা শ্রমিক চা-গাছের কঁচি পাতা দিয়ে চাটনি খাওয়ার জন্য কিছু পাতা তুলে নিলে ব্যবস্থাপক তাঁদের অশালীন ভাষায় গালিগালাজ করেন। পরবর্তী সময়ে তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে তিনি তাঁদের আবার গালিগালাজ করেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল আটটায় চা-বাগানের দুই সহস্রাধিক শ্রমিক কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ ঘটনাস্থলে এসে ব্যবস্থাপক ও শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন। সেখানে ব্যবস্থাপক ক্ষমা চান। দুপুর দুইটায় শ্রমিকেরা কাজে যোগ দেন। ব্যবস্থাপক সুজিত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।