কমলগঞ্জে চা-বাগানে শ্রমিক অসন্তোষ
মৌলভীবাজারের কমলগঞ্জে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন দুটি চা-বাগানে শ্রমিক অসন্তোষে দুই দিনে ১৪ ঘণ্টা কাজ বন্ধ ছিল।
এনটিসির চাম্পারায় চা-বাগানের শ্রমিকেরা জানান, এই বাগানে কাজ থাকলেও কিছু শ্রমিককে অন্য বাগানের কাজে পাঠানো হয়। প্রতিবাদে বাগানের ১ হাজার ১০০ শ্রমিক কাজে না গিয়ে বুধবার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সাড়ে সাত ঘণ্টা কর্মবিরতি পালন করেন। গতকাল বৃহস্পতিবার মাধবপুর চা-বাগানের শ্রমিক দাদু কাহার কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ঘর মেরামত করতে গেলে তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এতে শহস্রাধিক শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার কার্যালয়ের প্রধান ফটকে তালাবদ্ধ করে ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপককে সাড়ে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এনটিসির একটি চা-বাগানের ব্যবস্থাপক জানান, সম্ভবত বাইরের কারও প্ররোচনায় শ্রমিকদের খেপিয়ে অসন্তোষ সৃষ্টি করা হয়েছে।
চাম্পারায় চা-বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম ও মাধবপুর চা-বাগানের ব্যবস্থাপক বিদুৎ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এনটিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সামান্য বিষয়ে চা-বাগানে এ ধরনের অবস্থা সৃষ্টি হলে বাগান পরিচালনা কঠিন হয়ে পড়বে।