
জানাজায় যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন আবুল হোসেন (৩৭)। কিন্তু পথে দায়ের কোপে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সায়পুর গ্রামে।
আবুল হোসেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি সায়পুর গ্রামে। বিক্ষুব্ধ লোকজন এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের কাজল মিয়ার (৪৭) দুটি বসতঘর ও একটি দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এদিকে নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা-বাগানের একটি ডোবা থেকে ওই বাগানের এক চা-শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল কিশোরগঞ্জ সদর উপজেলার একটি ইটভাটা থেকে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
মৌলভীবাজার ও জুড়ী: পুলিশ ও এলাকার প্রত্যক্ষদর্শী সাত-আটজনের সঙ্গে কথা বলে জানা যায়, আবুল হোসেন ওরফে আলম মেম্বার গতকাল সকাল সাড়ে ১০টার দিকে একই ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুক উদ্দিনের সঙ্গে মোটরসাইকেলে করে আলিমপুর গ্রামে এক ব্যক্তির জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে কাজল মিয়া মোটরসাইকেলটির গতিরোধ করে দা দিয়ে আবুল হোসেনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় মাসুক তাঁকে রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে আবুল হোসেন মোটরসাইকেল থেকে মাটিতে পড়ে গেলে কাজল পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় পাশের সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয় একটি সূত্র জানায়, সাত-আট দিন আগে কাজলকে শাহবাজপুর বাজারে ইউপি সদস্য আবুল হোসেনের স্বজনেরা মারধর করেন। এলাকার কয়েকজন বলেন, আবুল হোসেনের মৃত্যুর পর এলাকাবাসী দা ও লাঠিসোঁটা নিয়ে কাজলের মুদি দোকান ও বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। টের পেয়ে বাড়ির লোকজন আগেই সরে যান। বেলা একটার দিকে বড়লেখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। কাজল মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কমলগঞ্জ (মৌলভীবাজার): পাত্রখোলা চা-বাগান সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে এই চা-বাগানের পশ্চিম লাইন শ্রমিক বস্তির অমৃত মেহালীর ছেলে চা-শ্রমিক দুদুয়া মোহালী (২৫) মাছ ধরার জন্য ঘর থেকে বের হন। এরপর তিনি আর ঘরে ফিরে আসেননি। গতকাল সকাল আটটায় চা-বাগানসংলগ্ন কালাপানি পাহাড়ি এলাকার একটি ডোবায় চা-শ্রমিকেরা তাঁর লাশ দেখতে পান। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। কমলগঞ্জ থানার উপপরিদর্শক জাহিদুল হক বলেন, সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওই চা-শ্রমিকের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, সদর উপজেলার নান্দলা জালিয়াপাড়া গ্রামের মো. আবদুল মন্নাফ (৬০) নান্দলা এলাকায় মেসার্স এমএমকে ইটভাটায় নৈশপ্রহরী হিসেবে চাকরি করতেন। গতকাল সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ইটভাটার পাশে থাকা লাশ শনাক্ত করে তাঁর ছেলে আল-আমিন। সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।