কমলগঞ্জে ছড়ার উৎসমুখে বাঁধ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা মহালের মুলি বাঁশ নামাতে ইজারাদার পাহাড়ি ডালুয়া ছড়ার উৎসমুখে দুই সপ্তাহ আগে বাঁধ দিয়েছেন। বাঁধের কারণে ছড়ার মধ্য দিয়ে নিম্নাঞ্চলে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
৯ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, কুরমা মহালের মুলি বাঁশ কেটে নামাতে পাহাড়ি টিলার আন্ডু নামক হ্রদে পানি বাঁধ দিয়ে আটকে রাখা হয়েছে। এ হ্রদ থেকেই পাহাড়ি ডালুয়া ছড়ার উৎপত্তি। উজান থেকে নেমে আসা পানি ডালুয়া ছড়া দিয়ে ইসলামপুর ও আদমপুর ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে থাকে। শুষ্ক মৌসুমে এ ছড়ার পানি দিয়ে গ্রামের কৃষকেরা সেচ সুবিধা নিয়ে বোরো ও সবজি আবাদ করেন। কুরমা মহালের বাঁশ শ্রীমঙ্গলের মহালদার গোলাম কিবরিয়া ইজারা নিয়েছেন। তিনি বাঁশ কেটে সহজে পানির মাধ্যমে নিচে নামাতে ডালুয়া ছড়ার উৎসমুখে স্থায়ী বাঁধ দিয়ে ছড়ায় পানি সরবরাহ বন্ধ করেছেন।
এ ছড়া থেকে সেচ সুবিধা নিয়ে আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের মধ্যভাগ, খারগাঁও, উত্তরভাগ, নইনারপার, নোয়াগাঁও, দক্ষিণ কাঁঠালকান্দি, কালারায়ের বিল, ছয়ঘরি, পূর্বজালালপুর, আদকানি, বনগাঁও, জালালপুর গ্রামের কৃষকেরা বোরো আবাদ করে থাকেন। কিন্তু ছড়ায় পানি না থাকায় এ বছর তাঁদের বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।
ইজারাদার গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, আসলে কুরমা পাহাড়ের একেবারে উজানে সীমান্ত এলাকায় বাঁধ দিয়ে পানি আটকানো হয়েছে। এ পানির সঙ্গে মহাল থেকে কাটা বাঁশ ছাড়া হয়। এ বাঁধে কৃষকদের কোনো ক্ষতি হওয়ার কথা নয়। এ ছাড়া বিকল্প স্থানে টিলা কেটে নালা করে পানির সঙ্গে বাঁশ ছাড়া হচ্ছে।
কমলগঞ্জের ইউএনও সফিকুল ইসলাম বলেন, ইজারাদার রাজস্ব দিয়ে বাঁশ মহাল রেখেছেন। ইজারাদারের বাঁশ পরিবহনেরও সুবিধা দিতে হবে। তবে ইজারাদার কোনোক্রমেই স্থায়ীভাবে পানি আটকাতে পারবেন না। কৃষি কর্মকর্তা ও বন কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে সময়মতো বোরো খেতের জন্য নালা দিয়ে পানি ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কৃষকেরা বলেন, বাস্তবে বাঁশ মহালের ইজারাদার বোরো খেতের জন্য সেচের পানি ছাড়েননি।